শুরুটা শিরোপায় রাঙানোর সুযোগ

আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ এএম

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহতদের স্মৃতিতে বাফুফে মৌসুম শুরু করছে চ্যালেঞ্জ কাপ দিয়ে। যেখানে মুখোমুখি হবে গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্সআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব। দুই কাগুজে সেরার রোমাঞ্চকর লড়াইয়ের মঞ্চও প্রস্তুত। দুদলের জন্য আজকের ম্যাচটা প্রাক-মৌসুম প্রস্তুতি হলেও নতুন এই শিরোপাটা হাতছাড়া করতে চাইছে না কেউই।

শেষ পাঁচ মৌসুমের সেরা বসুন্ধরা কিংস। গত মৌসুমে ট্রেবল জয়ের অনন্য রেকর্ড গড়েছে। এরপরই কোচ বদলে ফেলে তারা। স্প্যানিশ অস্কার ব্রুজোনের জায়গায় দায়িত্বে আসেন রোমানিয়ান ভ্যালিরিউ তিতা। যদিও শুরুর অভিজ্ঞতা মোটেই ভালো হয়নি অভিজ্ঞ কোচের। ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপপর্বে ভরাডুবি ঘটে কিংসের। তিন ম্যাচেই হারের লজ্জা নিয়ে ফিরতে হয়। তিতা কিংবা কিংস কারোরই এতটা বাজে অভিজ্ঞার মুখে পড়তে হয়নি আগে কখনো। ভুটান বিপর্যয়টা তাই সহজে ভুলতে পারছেন না তিতা। এর দায় টিম ম্যানেজমেন্টকেও দিয়েছেন তিনি, ‘আগামীকালের (আজ) ম্যাচটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ ছেলেরা ভুটানে ভালো ফল এনে দিতে পারেনি। এ রকমটা আমার জীবনে কখনোই ঘটেনি। ভুটানের আসরের পর আমি দলকে এই ম্যাচের জন্য প্রস্তুত করেছি। ভুটানে আমরা তিন ম্যাচে ১৬টি গোলের সুযোগ তৈরি করে মাত্র একটি করতে পেরেছিলাম। আশা করছি এই ম্যাচে আমরা অনেক গোলের সুযোগ তৈরি করব এবং ছেলেরা এবার সেগুলো কাজে লাগাতে পারবে।’ অন্যরকম উদাহরণ টেনে তিতা দল নিয়ে অসন্তুষ্টিটা বুঝিয়েছেন এভাবে, ‘আপনাদের আমি প্রশ্ন করি, রিয়াল মাদ্রিদ কি চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ খেলতে গেতাফে থেকে খেলোয়াড় ধার করে নিয়ে যাবে? না সেটা তারা করবে। এরপর আমার আর কিছু বলার নেই।’

আগের মৌসুমের তুলনায় কিংস শক্তি হারিয়েছে অনেকটাই। এর সঙ্গে চোট ও নিষেধাজ্ঞাও যোগ হয়েছে। গত মৌসুমে ট্রেবল জয়ে বড় ভূমিকা রাখা ব্রাজিলিয়ান রবসন রবিনহো এবং ডরিয়েলটন গোমেজ দলে নেই। ডিফেন্সের শক্তি কমেছে ববুরবেক না থাকায়। তাছাড়া চোটের কারণে বিশ্বনাথ ঘোষ ও তারেক কাজীকে পাচ্ছেন না তিতা। গত মৌসুমে তিন কার্ডের কারণে আজ দর্শক হতে হচ্ছে উইঙ্গার রাকিব হোসেনকে। চোট থেকে পুরোপুরি সেড়ে ওঠেননি ছোট সোহেল রানাও। ফিটনেসে ঘাটতি আছে ব্রাজিলিয়ান প্লে-মেকার মিগেল ফিগেইরা ও ফরাসি স্ট্রাইকার জারেদ খাসার। 

কিংসের এই দুর্বলতাগুলো মোহামেডানকে দেখাচ্ছে শিরোপা স্বপ্ন। তাছাড়া গত মৌসুমে একমাত্র মোহামেডানই কিংসকে কিছুটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছিল। দুই ম্যাচে হারের তেতো স্বাদও কিংসকে দিয়েছিল তারা। এসব কিছুই আত্মবিশ্বাসী করে তুলছে সাদা-কালোর পরীক্ষিত কোচ আলফাজ আহমেদকে, ‘গোটা মৌসুমের জন্য আমরা ভালোভাবেই প্রস্তুতি নিয়েছি। আমরা জয় দিয়েই মৌসুম শুরু করতে চাই। বসুন্ধরা কিংস সবসময়ই শক্তিশালী প্রতিপক্ষ। গতবার দলটির কোচ ছিলেন অস্কার ব্রুজোন। তিনি ভালো কোচ, আবার এখন যিনি আছেন, তিতা, তিনিও ভালো কোচ। তারপরও তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। আর কোচ যতই ভালো হোক, খেলবে ফুটবলাররা। আমরা শুধু দেখিয়ে দিতে পারি। পারফরম্যান্স দিয়ে কোচের ভালো-মন্দের বিচার হয়।’ মোহামেডানের স্কোয়াডে সেভাবে পরিবর্তন নেই। আগের চার বিদেশির সঙ্গে পরীক্ষিত দুজন বিদেশিকে নিয়েছে তারা। গত মৌসুমে তিনটি আসরের রানার্সআপ হওয়া মোহামেডান এবার তাই চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই খেলবে। আলফাজ বলেন, ‘আমরা আগের দলটাই ধরে রেখেছি। খুব বেশি পরিবর্তন নেই। তাই দল নিয়ে আমি আশাবাদী।’

বিপুলসংখ্যক দর্শক যাতে খেলাটা উপভোগ করতে পারেন, তাই গ্যালারির বড় অংশই থাকবে উন্মুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত