সৌদি আরবের মক্কা নগরীর মসজিদে হারাম পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ। কাবা শরিফকে কেন্দ্র করে এই মসজিদ গড়ে উঠেছে। সারা বিশ্বের মুসলমান এ মসজিদের অভ্যন্তরের পবিত্র কাবা শরিফের দিকে মুখ করে নামাজ আদায় করে। মসজিদে হারামের আয়তন হলো ৩ লাখ ৫৬ হাজার ৮০০ বর্গমিটার। ৯টি সুন্দর ও সুউচ্চ মিনার মসজিদে হারামকে অনন্য দৃষ্টিনন্দন করে তুলেছে। এ মসজিদে ৮১টি দরজা রয়েছে। প্রত্যেকটি সবসময় উন্মুক্ত। এই মসজিদে একসঙ্গে ৪০ লাখ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রতি বছর জিলহজ মাসে সারা বিশ্ব থেকে মুসলমানরা হজ করতে আসেন এখানে। হজ সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার হলেও আদায় করা ফরজ। প্রতি বছর প্রায় ৫০ লাখ মুসলমান হজ করতে আসেন এখানে। কাবার পূর্ব কোণে কালো একটি পাথর রয়েছে। এর নাম মাকামে ইব্রাহিম। এটার ওপর ইব্রাহিম (আ.)-এর পায়ের ছাপ রয়েছে। পাথরটি কাবার পাশে একটি কাচের গম্বুজে রাখা হয়েছে।
×
