চারণ নেতায় পরিণত হয়েছেন তারেক রহমান: প্রিন্স

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের মিথ্যা গালগল্প শুনিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছে। কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের পেটে লাথি দিয়ে নিজেদের ভাগ্য গড়েছে, আঙুল ফুলে কলাগাছ হয়েছে।

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার চৌরাস্তা বাজারে এক কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একোঠা বলেন।

হালুয়াঘাট উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবির, আলমগীর আলম বিপ্লব, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, আবদুল হাই, মোনায়েম হোসেন খান খোকন, শহীদুল হক খান সুজন, জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, বিভাগীয় শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল গণি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক এম আর আল আমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, যুগ্ম আহ্বায়ক প্রভাষক খালেদুজ্জামান আউলিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবদুল হান্নান, স্থানীয় নেতা লাট মিয়া আকন্দ, আবুল কালাম, তোফাজ্জল হোসেন, কছিম উদ্দিন, নজরুল ইসলাম, আবদুল মালেক প্রমুখ।

সমাবেশে এমরান সালেহ প্রিন্স গত বন্যায় বিলডোরা ইউনিয়নে বিএনপির ত্রাণ কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, স্বয়ং তারেক রহমান পত্রিকায় বিলডোরা গ্রামে বন্যায় অসহায় মানুষের কথা জেনে আমাদের পাঠিয়েছিলেন সহায়তার জন্য। তারেক রহমান সব দিকেই খেয়াল রাখেন। সুদূর লন্ডনে নির্বাসনে থেকেও বিলডোরা গ্রামের প্রত্যন্ত এলাকায় দুর্দশাগ্রস্ত মানুষের কষ্ট তারেক রহমানের দৃষ্টি এড়ায় নাই। তিনি চারণ নেতায় পরিণত হয়েছেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টের নামে আওয়ামী নেতারা মেগা দুর্নীতি করেছে। চট্টগ্রামে শেখ হাসিনা তার বাবার নামে অপ্রয়োজনীয় টানেল করে নিজের জন্য কোটি কোটি টাকা অপচয় করে ৭ তারকা অতিথিশালা নির্মাণ করেছিলেন। অথচ দুর্দশাগ্রস্ত কৃষকের জন্য ঋণ মওকুফ করতে পারেন নাই, বিনামূল্য সার দেওয়ার অঙ্গীকার করেও দেন নাই, কৃষকের পণ্যের ন্যাযমূল্য দেন নাই। তার মতো মিথ্যাবাদী, প্রতারক, ঠকবাজ, অভিনেতা খুঁজে পাওয়া যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত