পিকনিকের বাস বিদ্যুতায়িত নিহত ৩ ছাত্র

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:১৬ এএম

গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে রাস্তার পাশের বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সবাই গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী। গতকাল শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। হতাহতরা সবাই বিআরটিসির দ্বিতল বাসে করে বনভোজনের জন্য ওই এলাকার একটি রিসোর্টে যাচ্ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, বিআরটিসির ছয়টি দ্বিতল বাসে করে আইইউটির ৪৬০ শিক্ষার্থী বার্ষিক বনভোজনে শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের পেলাইদ গ্রামের মাটির মায়া রিসোর্টে যাচ্ছিলেন। গন্তব্যের দেড় কিলোমিটার আগে তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামের আঞ্চলিক সড়কে বহরের একটি বাস বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যান।

নিহত তিন শিক্ষার্থী হলেন ফেনীর মাস্টারপাড়া এলাকার মোতাহার হোসেনের ছেলে মীর মোজাম্মেল (২৩), রাজশাহীর রাজপাড়া ডিঙ্গাবো এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জোবায়ের আলম (২২) এবং রংপুর সদরের ইমতিয়াজুর রহমানের ছেলে মুবতাছিন রহমান (২২)।

আর আহতদের মধ্যে ঢাকার মিরপুরের কাজীপাড়া এলাকার কাবিদুল ইসলাম (২২) এবং কামরাঙ্গীরচর এলাকার নাফিজ আহম্মেদ খান (২২) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হতাহত শিক্ষার্থীরা সবাই মেকানিক্যাল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস জানান, তিন শিক্ষার্থীকে মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। আর দুজন আহত অবস্থায় ভর্তি আছে। তাদের অবস্থা গুরুতর নয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বনভোজনের বহরের বাসগুলো একটার পর একটা গ্রামের আঞ্চলিক সড়ক দিয়ে যাচ্ছিল। সামনে থাকা বাসটি সড়কের পাশের বিদ্যুতের সঞ্চালন লাইনের সংস্পর্শে আসে। এতে ভেতরে থাকা শিক্ষার্থীদের অনেকেই বিদ্যুতায়িত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন ম-ল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজিব আহম্মেদ ঘটনাস্থলে ছুটে যান।

একই সঙ্গে ঘুরতে আসা সহপাঠীদের এমন করুণ মৃত্যুতে সবাই বাকরুদ্ধ হয়ে পড়েন। তারা কেউ গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।

আইইউটির শিক্ষক ড. আরাফাত হোসেন বলেন, ‘বিআরটিসির বাস এবং মাইক্রোবাসে করে ৪৬০ জন শিক্ষক-শিক্ষার্থী শ্রীপুরের মাটির মায়া রিসোর্টের পথে রওনা হন। পথে উদয়খালী এলাকায় ঢাকা মেট্টো ব-১৫-৭০৩৮ নম্বরের বাসের রাস্তার পাশের বৈদ্যুতিক লাইনের স্পর্শ লাগে। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী গুরুতর আহত হন। ওই বাসটি সবার সামনে ছিল। পেছনে অন্য বাসগুলো সারিবদ্ধভাবে আসছিল। চালক বাস চালানোর সময় ওপরে তেমন খেয়াল না করায় এ দুর্ঘটনার কবলে পড়তে হলো।’

শ্রীপুরের ইউএনও ব্যারিস্টার সজিব আহম্মেদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। তিন শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু সবাইকে চরম আহত করেছে। এ বিষয়ে সবার সঙ্গে কথা বলছি। কার ভুল বা গাফিলতিতে এমন ঘটনা ঘটেছে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ঘটনা তদন্তে গাজীপুরের জেলা প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত