বৈষম্যবিরোধী ছাত্র কমিটি গঠন নিয়ে সংঘর্ষ

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৭:২৮ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দুপক্ষের মধ্যে সংঘর্ষে দুই শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল শনিবার বিকেলে গভ. মডেল গার্লস হাই স্কুলে এই ঘটনা ঘটে।

আহতরা হলেন, বোরহান উদ্দিন (২১) ও  ফয়সাল (২৭)। আহতদের প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কমিটি গঠনের লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে গতকাল বিকেলে শহরের গভ. মডেল গার্লস হাই স্কুলের মাঠে একটি সভার আয়োজন করা হয়। শহর ও বিভিন্ন উপজেলা থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত হয়। সভার একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের একপর্যায়ে  দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বেশ কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে বোরহান ও ফয়সলকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।  সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন বলেন, কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে দুজন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি।

ফরিদপুরে নেতৃত্বের মতবিরোধে শিক্ষার্থীকে মারধর : ফরিদপুরে সরকারি রাজেন্দ্র কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থীকে মারধর করা হয়েছে। অভিযোগ উঠেছে, নেতৃত্ব নিয়ে মতবিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কলেজের রসায়ন বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম রুবেল মিয়া (২৭)। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইসমাইল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মো. মহিউদ্দিনের ছেলে। রুবেল সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থী।

রুবেল মিয়া জানান, ফরিদপুরে বৈষম্যবিরোধী আন্দোলন পরিচালনার জন্য প্রতি মাসে একজনকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়। বর্তমান মুখপাত্র নীরব ইমতিয়াজের মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন মুখপাত্র নির্বাচনের জন্য শুক্রবার বিকেলে তারা ৩৫-৪০ জন রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের একটি কক্ষে আলোচনার জন্য বসেন। ওই সময় তার ওপর চার-পাঁচজন হামলা করেন। তাকে বেধড়ক কিলঘুসি মারা শুরু হয়। একপর্যায়ে কলেজের মাঠে নিয়েও তাকে মারা হয়।

জামালপুরে ছাত্র আন্দোলনের নেতা ও পরিবারের সদস্যদের মারধর : জামালপুর সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোনের এক নেতা ও তার পরিবারের সদস্যদের মারধর এবং বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে উপজেলার কম্পপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ছাত্র আন্দোলনের আহত নেতার নাম রেদোয়ান খন্দকার ওরফে মাহিন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা কমিটির সংগঠক হিসেবে নির্বাচিত হয়েছেন। মারধরে রেদোয়ানের পাশাপাশি তার বাবা হাফিজুর রহমান ও মা মুসলিমা বেগমও আহত হন। তারা জামালপুর জেনারেল হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে রেদোয়ান হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল শনিবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

জানা গেছে, পৈতৃক বাড়ি ও কৃষি মিলে ৬৪ শতাংশ জমি নিয়ে রেদোয়ান খন্দকারের পরিবারের সঙ্গে তার চাচাদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে শুক্রবার বিকেলে রেদোয়ানের বাবা হাফিজুর রহমানের সঙ্গে দুই চাচা হেলাল উদ্দিন ও হাবিবুর রহমানের প্রথমে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে দুই চাচা ও তাদের সন্তানরা মিলে হাফিজুর রহমানকে মারধর করেন। এ নিয়ে রাতে চাচাদের সঙ্গে কথা বলতে যান রেদোয়ান খন্দকার। এ সময় তাকেও মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত