ইসরায়েলি নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত: খামেনি

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৮:১১ পিএম

গাজা ও লেবাননে হত্যাযজ্ঞ চালানোর দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

তবে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নয়, মৃত্যুদণ্ড দেওয়া উচিত বলে মনে করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার (২৫ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাতে দেওয়া এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

খামেনি বলেন, ইহুদিবাদী সরকার গাজা ও লেবাননে যা করেছে তা কোনো বিজয় নয়, এটি যুদ্ধাপরাধ। এখন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা যথেষ্ট নয়।

‘নেতানিয়াহু ও এই সরকারের অপরাধী নেতাদের অবশ্যই মৃত্যুদণ্ড দিতে হবে,’ বলেন খামেনি।

এছাড়া টুইটারে দেওয়া এক পোস্টে খামেনি বলেন, ‘নির্বোধ ইহুদিবাদীরা মনে করে— মানুষের বাড়িঘর, হাসপাতাল ও জমায়েত হয় এমন স্থানে বোমা হামলা চালিয়ে তারাই বিজয়ী। না, বিশ্বের কেউই এটাকে বিজয় বলে মনে করে না।’

এর আগে শনিবার হিব্রু ভাষায় নিজের এক্স অ্যাকাউন্টে এক টুইট বার্তায় খামেনি বলেন, ‘অপরাধী ইহুদিবাদী সন্ত্রাসী চক্রের সব রাজনৈতিক ও সামরিক নেতাকে অবশ্যই বিচার করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত