নারায়ণগঞ্জ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৬

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১১:৪৪ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ১৬ জন আহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে শ্রীনিবাসদী, কল্যান্দী, সালমদী ও এর আশপাশ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে শ্রীনিবাসদী ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল সোমবার। ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছিল সালমদী একাদশ বনাম শ্রীনিবাসদী একাদশ। খেলার এক পর্যায়ে সালমদীর সমর্থকদের কয়েকজন দর্শক মাঠে প্রবেশ করে রেফারীর পক্ষপাতিত্বের অভিযোগ এনে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। খেলার কল্যান্দী গ্রামের স্বেচ্ছাসেবক দল সালমদীর সমর্থকদের মাঠের বাইরে যাওয়ার কথা বললে ধাক্কাধাক্কি হয়। এ ঘটনায় মুহূর্তের মধ্যে সালমদীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সামলদীর সমর্থকরা মাঠের ভিতরে প্রবেশ করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে কল্যান্দী ও সালমদী এলাকায় এখবর পৌঁছালে তাদের লোকজন দেশিয় অস্ত্রেসজ্জে সজ্জিত হয়ে ব্যাপক আকারে সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সংঘর্ষে মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এসএম সুমন (৩৮), শামিম মিয়া (৪৫), শাহেনশাহ (২৫), আবুল বাশার (৪০), শাহজালাল মিয়া (৪৫), দুলাল মিয়া (২৫), ইয়াসিন মিয়া (১৬), মুকুল ভূইয়া (১৯), শান্ত মিয়া (১৬) মকবুল হোসেন (২৫), শাহীন মিয়া (২২), মাহবুব হোসেন (৩০)সহ অন্তত ১৬ জন আহত হয়। এদের মধ্যে সুমনকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ব্যপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যপারে কোনো পক্ষই এখন পর্যন্ত অভিযোগ দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত