সিন্ডিকেটের কবজায় আলুর বাজার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩২ এএম

রাজধানীর বিভিন্ন বাজারে গতকাল সোমবার পুরনো আলু বিক্রি হয়েছে ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে। সাম্প্রতিক বছরগুলোতে নভেম্বর মাসে এমন চড়া দামের আলু বিক্রি হতে দেখা যায়নি। সংশ্লিষ্টরা বলছেন, মূলত সিন্ডিকেটের কারণেই এবার আলুর দামের এমন অবস্থা। বিপুল পরিমাণ আলু হিমাগারে মজুদ থাকায় ও আমদানি জটিলতার কারণে এবার আলুর দাম ভোগাচ্ছে ক্রেতাদের। অবশ্য দাম নিয়ন্ত্রণে বা আলুর সরবরাহ স্বাভাবিক করতে নেই যথাযথ তদারকিও।

আলুর মতো নিয়ন্ত্রণে আসেনি পেঁয়াজের দাম। দীর্ঘদিন থেকে ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে জিম্মি থাকা পেঁয়াজের দামও আকাশছোঁয়া।

গতকাল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ও বাজার ঘুরে দেখা যায়, আগের মতো চড়া দামে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা দরে, যা কৃষকের থেকে কেনা দামের চেয়ে প্রায় ৯০ শতাংশ বেশি দামে।

সংশ্লিষ্টরা বলছেন, মজুদকারীরা কোনো কারণ ছাড়াই আলুর দাম বাড়িয়েছেন। কৃষক পর্যায় থেকে নামমাত্র মূল্যে আলু কিনে মজুদ করে অতিরিক্ত মুনাফা লুটছে অসাধু ব্যবসায়ীরা। দীর্ঘদিন থেকে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় এসব ঘটনা বারবার ঘটছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য সরকারি সংস্থাগুলোকে আরও বেশি সজাগ ও সচেতন হতে হবে। পাশাপাশি উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত সব ধরনের তথ্য উন্মুক্ত রাখতে হবে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, আলুর উৎপাদনের শীর্ষে থাকা মুন্সীগঞ্জের আলুর বাজারেও নৈরাজ্যের সৃষ্টি হয়েছে। সিন্ডিকেটের কবজায় দেশের বৃহৎ আলু উৎপাদনকারী এ অঞ্চলে হুহু করে বাড়ছে দাম। ১৫ দিনের ব্যবধানে জেলাটিতে দাম বেড়ে প্রতি কেজি আলুর বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি নাজের হোসাইন দেশ রূপান্তরকে বলেন, সরকারের ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করা নিয়ে আমরা কিছুটা সন্দিহান। কারণ হচ্ছে, সরকার বলেছিল তারা বিভিন্ন চাঁদা বন্ধের উদ্যোগ নিয়েছে, ব্যাংক ইন্টারেস্ট বাড়িয়েছে ও আমদানিতে শুল্ক ছাড় দিয়েছে। তবে সাধারণ জনগণ এর কোনো সুবিধা পাননি। উল্টো ব্যবসায়ীরা এর পুরো ফায়দা লুটেছে।

জেলা প্রতিনিধির পাঠানো তথ্যানুসারে চলতি বছর আলু উত্তোলন মৌসুমের শুরুতে কৃষক হাত থেকে পাইকারি দামে প্রতি কেজি আলু বিক্রি হতো ২৫ থেকে ২৮ টাকা। আর খুচরা বাজারে প্রতি কেজি বিক্রি হতো ৩০ থেকে ৩৫ টাকা। সেই আলুর দাম বাড়তে বাড়তে ১৫ দিন আগেও খুচরা বাজারে ৬০ টাকা কেজি দরে আলু বিক্রি হয়েছে। অথচ গতকাল খুচরা বাজারে ৮০ টাকা কেজি দরে আলু বিক্রি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রমতে, জেলার হিমাগারগুলোতে এখনো ৩৬ হাজার টনের বেশি আলু মজুদ রয়েছে। হাতেগোনা বড় ব্যবসায়ীর হাতেই আলু মজুদ রয়েছে। আর ওই সিন্ডিকেটই আলুর দাম নিয়ন্ত্রণ করছে। এতে পর্যাপ্ত মজুদ থাকার পরও চড়া দামেই আলু কিনতে হচ্ছে ভোক্তাদের। এজন্য সিন্ডিকেট ভাঙতে না পারাকেই দোষারোপ করেছেন পাইকাররা। একই সঙ্গে ঢিলেঢালা বাজার তদারকিকেও দায়ী করেছেন তারা। জেলার শহরের প্রধান বাজারে সবজি বিক্রেতারা মূল্য তালিকায় আলুর কেজি ৭০ টাকা উল্লেখ করলেও বিক্রি করছেন ৭৫ থেকে ৮০ টাকায়। গতকাল সকালে এ বাজারের ক্রেতা মঈনউদ্দিন আহমেদ জানান, তিনি এক কেজি কিনেছেন ৭৫ টাকায়। আবার একই বাজারের অন্য ক্রেতা জসিম মিয়া জানান, তিনি কেজিতে ৮০ টাকা দরে দুই কেজি আলু কিনেছেন। শহরের দেওভোগ বাজারের ক্রেতা জাকির হোসেন জানান, একই দিন সকালে তিনি ওই বাজার থেকে কেজিপ্রতি ৮০ টাকা দরে আলু কিনেছেন। খুচরা বিক্রেতারা বলছেন, পাইকারদের কাছ থেকেই তারা ৬৫ থেকে ৬৮ টাকা কেজিতে আলু কিনছেন। এর মধ্যে ভালো ও খারাপ দুই ধরনের আলু রয়েছে। ক্রেতা যখন আলু নেন, তখন বেছে বেছে ভালো আলুই ব্যাগে ভরেন। এতে খারাপ আলুগুলো আর বিক্রি করা যায়নি। তাই ৭৫ থেকে ৮০ টাকা কেজিতে আলু বিক্রি না করলে লাভ হবে না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কল্যাণ কুমার সরকার জানান, জেলার ছয়টি উপজেলায় সচল ৫৮টি হিমাগারে ৮১ হাজার ৫৯ টন আলু মজুদ রয়েছে। এর মধ্যে খাবারের জন্য মজুদ রয়েছে ৩৬ হাজার ২১৩ টন আলু। বাকি ৪৪ হাজার ৮৪৬ টন রয়েছে বীজ আলু।

কৃষির অতিরিক্ত উপপরিচালক কল্যাণ কুমার সরকার বলেন, এ আলু নিয়েই অসাধু সিন্ডিকেট কারসাজি চালিয়ে যাচ্ছে। অসাধু ব্যবসায়ীদের কারণেই আলুর দাম বেড়েছে। তবে আমরা বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. সামির হোসাইন সিয়াম বলেন, যারা আলু মজুদ করেছেন, তারাই ফোনে ফোনে দাম নির্ধারণ করছেন। তাদের নির্ধারিত দামেই সারা দেশে বাজারে বিক্রি হচ্ছে। এতে বাজারে বেড়েছে দাম।

এদিকে দিনাজপুরের হাকিমপুর প্রতিনিধি জানান, আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধির অজুহাতে পণ্য দুটির রপ্তানি সøট বুকিং বন্ধ রেখেছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। আমদানি বন্ধের ফলে পেঁয়াজের দাম না বাড়লেও আলুর দাম কেজিতে ৭ থেকে ১০ টাকা করে বেড়েছে।

গত রবিবার দুপুর থেকেই পেঁয়াজ ও আলুর স্লট বুকিং বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। গতকাল বেলা ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্লট বুকিং বন্ধ ছিল।

গত শনিবার বন্দরে আমদানি করা লাল আলু ৫৬-৫৭ টাকায় বিক্রি হয়েছিল, যা রবিবার আমদানি জটিলতার বন্ধের খবরে দাম বেড়ে ৬৫ টাকায় উঠে যায়। এ ছাড়া সাদা আলু শনিবার ৫০ টাকা বিক্রি হলেও রবিবার তা ৬০ টাকায় উঠে যায়।

ভারতের হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অনিল সরকার বলেন, পণ্য রপ্তানির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে অনলাইনে ট্রাকের জন্য স্লট বুকিং নিতে হয়। এরপরই সেই পণ্যের টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে গতকাল দুপুর থেকে পেঁয়াজ ও আলুর স্লট বুকিং বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ভারতের বালুরঘাটে ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বৈঠক চলছে। বৈঠক শেষ হলে বোঝা যাবে। তবে আজ না হলেও কাল হবেই সেটি নিশ্চিত করে বলা যায় এতে কোনো সন্দেহ নেই।

ভারতীয় রপ্তানিকারক রাম কৃষ্ণ দাস বলেন, আমি ভারত থেকে বাংলাদেশে আলু রপ্তানি করি। অন্যান্য দিনের মতো রবিবার আমি আলু রপ্তানি করেছি কিন্তু দুপুরে শুনতে পারলাম যে আলু ও পেঁয়াজের সøট বুকিং বন্ধ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এতে আমরা রপ্তানিকারকরাও অনেক সমস্যার মধ্যে পড়ে গিয়েছি। ভারতের উত্তরপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা অঞ্চল থেকে যেসব আলু বোঝাই হয়ে আসছে, সেসব ট্রাকগুলো রাস্তায় রয়েছে। এখন এ অবস্থায় এসব আটকে গেলে আলু পচে নষ্ট হয়ে যাবে, আমরা অনেক ক্ষতির মুখে পড়ে যাব।

পশ্চিমবঙ্গ সরকার বলছে, তাদের রাজ্যে উৎপাদিত আলু ও পেঁয়াজ ভিনদেশে রপ্তানির ফলে বাজারে পণ্য দুটির দাম বেড়ে যাচ্ছে, যার কারণে এ স্লট বুকিং বন্ধ করে রাখা হয়েছে।

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক মোস্তফা হোসেন বলেন, বাজারে দেশীয় আলুর সরবরাহ কম থাকায় দাম বাড়ছেই। যার কারণে ভারত থেকে আলু আমদানি করা হচ্ছিল। এখন হঠাৎ করে যদি ভারতের পশ্চিমবঙ্গ সরকার এমন সিদ্ধান্ত নেয় তাহলে তো আমরা ক্ষতির মুখে পড়ে যাব। আলুর দামও বেড়ে যাবে।

হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা শফিউল আলম বলেন, হিলি স্থলবন্দর দিয়ে গত কয়েক দিন ধরেই আলু ও পেঁয়াজ আমদানি যেমন অব্যাহত ছিল, তেমনি আমদানির পরিমাণ বাড়তির দিকে ছিল। রবিবার বন্দর দিয়ে ৭২টি ট্রাকে ২ হাজার ৩৯ টন আলু আমদানি হয়েছিল। সোমবার তা অনেক কমে গেছে। বেলা ৩টা পর্যন্ত এক ট্রাক আলু আমদানি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত