সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। গতকাল সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে গিয়ে তিনি সাক্ষাৎ করেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, সৌদি আরবে বিএনপি চেয়ারপারসনের বিশেষ দূত ড. এনামুল হক চৌধুরী ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
সূত্র জানিয়েছে, সৌদি রাষ্ট্রদূত খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তিনি প্রথমে লন্ডন হয়ে অন্য দেশে চিকিৎসা নেবেন। লন্ডনে যাওয়ার পথে সৌদি আরবে যাত্রাপথে ওমরা পালনের জন্য সুযোগ রয়েছে কি না তা জানতে চেয়েছেন। স্বাস্থ্যের বিষয়টি ঠিক থাকলে চেয়ারপারসন ওমরার বিষয়টি ভেবে দেখবেন বলে রাষ্ট্রদূতকে জানিয়েছেন।
এর আগে সর্বশেষ ২০১৫ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকাস্থ রাজকীয় সৌদি আরব রাষ্ট্রদূত আবদুল্লাহ এইচ এম আল মুতাইরি বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার গুলশানের অফিসে সাক্ষাৎ করেছিলেন।
