বিশ্বে গতবছর ঘনিষ্ঠ সঙ্গী ও স্বজনদের হাতে প্রতিদিন গড়ে ১৪০ জন নারী ও মেয়ে খুন হয়েছেন। গত সোমবার জাতিসংঘের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, গত বছর ৫১ হাজার ১০০ নারীর মৃত্যু হয়েছে। তার আগের বছরের তুলনায় এই সংখ্যা আরও বেড়েছে। ২০২২ সালে বিশ্বজুড়ে এই হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ৪৮ হাজার ৮০০।
সঙ্গী ও স্বজনদের হাতে নারী ও মেয়েদের খুন হওয়া বেড়ে যাওয়ার এই তথ্য তুলে এনেছে ইউএন ওমেন এবং জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত দপ্তর। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, লৈঙ্গিক সহিংসতার চরম রূপের প্রভাব থেকে বিশ্বের কোনো অঞ্চলই বাদ নেই। বিশ্বের সব অঞ্চলেই নারীদের ওপর এমন সহিংস ঘটনা ঘটছে। নারী ও মেয়েদের জন্য নিজেদের বাড়িকে সবচেয়ে বিপজ্জনক জায়গা হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। আফ্রিকার দেশগুলোয় নারীদের ওপর এমন ঘটনার হার সবচেয়ে বেশি। ২০২৩ সালে আফ্রিকায় ২১ হাজার ৭০০ নারী ও মেয়ে তাদের ঘনিষ্ঠ সঙ্গী ও স্বজনদের হাতে খুন হয়েছেন। প্রতি লাখে এ সংখ্যা ২ দশমিক ৯ জন। এর বিপরীতে সংখ্যাটি আমেরিকায় লাখে ১ দশমিক ৬ জন, ওশেনিয়ায় ১ দশমিক ৫ জন, এশিয়ায় দশমিক ৮ জন এবং ইউরোপে দশমিক ৬ জন।
