রাজধানীর গুলশানে দিনদুপুরে আইয়ুব খান নামে এক আবাসন ব্যবসায়ীকে অপহরণের আট ঘণ্টা পর বনানী থেকে তাকে উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন, ইউএস বাংলা গ্রুপের ম্যানেজার ও ভুক্তভোগীর ব্যবসায়িক পার্টনার তানজির রহমান। তিনি বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে তাকে বনানী থেকে উদ্ধার করা হয়েছে। এর আগে দুপুর দেড়টার দিকে গুলশান-২-এর ডিসিসি মার্কেটের সামনে থেকে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে।
এদিকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা মহানগর পুলিশের গুলশান থানার ওসি মো. তৌহিদ আহম্মেদ দেশ রূপান্তরকে বলেন, ‘অপহরণের আগে ওই ব্যবসায়ীর গাড়িচালককে কয়েকজন ব্যক্তি জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। তারপর সেই ব্যবসায়ীকে নিয়ে তারই গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এরপর থেকেই ওই গাড়িটি গুলশান, বনানীর বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছে। আমরা একজন সন্দেহভাজনকে আটক করেছি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।’
