হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সঙ্গে পুলিশের মতবিনিময়

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪৪ পিএম

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছে জামালপুর জেলা পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে জেলা পুলিশ কাজ করছে। কোনোভাবেই কাউকে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না। যদি কোনো গোষ্ঠী বা কুচক্রি মহল ধর্মের নামে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে তা কঠোর হস্তে দমন করা হবে। পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সব সময় কাজ করে যাচ্ছে।

তিনি হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেন, আপনারা নিজেদের আলাদা মনে না করে সব সময় সকল সমস্যা পুলিশকে জানান। পুলিশ আপনাদের পাশে থাকবে। পুলিশের কাজ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। সভায় তিনি সেই লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। 

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্ব সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো.সোহেল মাহমুদ, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-১) মো.রাশেদুল হাসান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজমুস সাকিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লক্ষ্মী কান্ত পন্ডিত, সাধারণ সম্পাদক রমেণ বণিক প্রমুখ।

এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বর্তমান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নানা পদক্ষেপের প্রশংসা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত