লেভার ১০০ ফাইভ স্টার আর্সেনাল

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১২:২৫ এএম

যে মাইলফলক এতদিন ছিল শুধুই ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির, সেটি স্পর্শ করতে রবার্ট লেভানডফস্কির দরকার ছিল একটি গোলের। অলিম্পিক স্টেডিয়ামে সেটি হতে সময় লাগল মাত্র ১০ মিনিট। পেনাল্টি থেকে গোল করেই চ্যাম্পিয়নস লিগে গোলদাতাদের সবচেয়ে অভিজাত ক্লাবে নাম লেখালেন লেভা। চ্যাম্পিয়নস লিগে অন্তত ১০০ গোলদাতার ক্লাবে এখন তিনজন। রোনালদো ও মেসির সঙ্গে লেভানডফস্কি।

লেভানডফস্কির মাইলফলকের রাতে বার্সেলোনা ৩-০ গোলে হারিয়েছে ব্রেস্তকে। লেভানডফস্কি করেছেন জোড়া গোল। অপর গোলটি দানি ওলমোর। ম্যাচের দশম মিনিটে পেনাল্টি বক্সে লেভাকে ফাউল করেন ব্রেস্ত গোলকিপার মার্কো বিজত। স্পটকিকে দলকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বার্সেলোনা। ৬৬ মিনিটে ব্যবধান বাড়ান ওলমো। ম্যাচের যোগ করা সময়ে আলেহান্দ্রো বালদের অ্যাসিস্ট থেকে গোল করেন লেভানডফস্কি। চ্যাম্পিয়নস লিগের এই মৌসুমে ৭ গোল হলো লেভানডফস্কির। তাতে গোলদাতা তালিকায় শীর্ষ লেভা (রিপোর্ট লেখা পর্যন্ত)। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ১৮৭ ম্যাচে সর্বোচ্চ ১৪১ গোল রোনালদোর। ১৬৩ ম্যাচে ১২৯ গোল নিয়ে দুইয়ে মেসি। ১২৫ ম্যাচে ১০১ গোল নিয়ে তিনে লেভানডফস্কি।

নিজেদের মাঠে ২৭ মিনিটে লাইপজিগের ফরাসি ডিফেন্ডার কাস্তিয়ো লুকেবার আত্মঘাতী গোলে জয় (১-০) পেয়েছে ইন্তার মিলান। ৫ ম্যাচে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট।

কোচ রুবেন আমোরিম স্পোর্টিং সিপি ছেড়ে যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আমোরিমকে ছাড়া চ্যাম্পিয়নস লিগে খেলতে নেমেই বড় হার দেখল স্পোর্টিং। হোসে আলভালাদে স্টেডিয়ামে আর্সেনাল ৫-১ গোলে হারিয়েছে লিসবনকে। গানার্সদের হয়ে একটি করে গোল করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, কাই হাভার্টজ, গ্যাব্রিয়েল মাগালাইস, বুকায়ো সাকা, লিয়ান্দ্রো ত্রোসার্ড। ৫ ম্যাচে ১০ পয়েন্ট আর্সেনালের।

এদিকে আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্ন মিউনিখ ১-০ গোলে হারিয়েছে পিএসজিকে। এবার চ্যাম্পিয়নস লিগে পাঁচ ম্যাচে এটি বায়ার্নের তৃতীয় জয়। পিএসজির তৃতীয় হার। একটি করে জয় ও ড্র করা পিএসজি পয়েন্ট টেবিলে নেমে গেছে ২৬ নম্বরে। ম্যাচের ৩৮ মিনিটে দক্ষিণ কোরিয়ান সেন্টারব্যাক কিম মিন-জায়ে গোল করেন। ৫৬ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ওসমান দেম্বেলে। বাকি সময় দশ জন নিয়ে আর গোল হজম করেনি পিএসজি সেটিই ভাগ্য। ম্যাচে ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে বায়ার্ন গোলের উদ্দেশ্যে শট নেয় ১৮টি, লক্ষ্যে ছিল ৭টি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত