এমআই সিক্স প্রধানের দাবি

ইউক্রেনকে সমর্থনে বিরত রাখতে ইউরোপে নাশকতা চালাচ্ছে রাশিয়া

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম

ইউরোপে নাশকতায় রাশিয়া বেপরোয়া অভিযান চালাচ্ছে বলে দাবি করেছেন যুক্তরাজ্যের সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রিচার্ড মুর। তিনি বলেছেন, রাশিয়া ইউরোপে নাশকতার ‘বিস্ময়কর বেপরোয়া অভিযান’ চালাচ্ছে এবং অন্যান্য দেশকে ইউক্রেনকে সমর্থন করা থেকে বিরত রাখতে পারমাণবিক তৎপরতা জোরদার করছে।

শুক্রবার (২৯ নভেম্বর) প্যারিসে এক বক্তৃতায় এ কথা বলেন তিনি। তার মতে, ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনকে একটি অনুগত রাষ্ট্রে পরিণত করতে সফল হন, তবে তিনি এখানেই থামবেন না।

ব্রিটিশ, ফরাসি, ইউরোপীয় এবং ট্রান্সআটলান্টিক- নিরাপত্তা বিপন্ন হবে বলে জানান এ গোয়েন্দাপ্রধান।

রিচার্ড মুর বলেন, আমরা সম্প্রতি ইউরোপে রাশিয়ার একটি বিস্ময়করভাবে বেপরোয়া প্রচারণা উন্মোচন করেছি। এমনকি পুতিন এবং তার সহযোগীরা ইউক্রেনকে সহায়তা করার পরিণতি সম্পর্কে ভয় ধরানোর জন্য পারমাণবিক হামলার আশ্রয় নিচ্ছে।

তিনি জানান, পুতিন সফল হলে চীনের প্রভাব বাড়বে, উত্তর কোরিয়া আরও সাহসী হবে এবং ইরান আরও বিপজ্জনক হয়ে উঠবে।

মুরের ভাষণের উদ্দেশ্য নিয়ে রয়টার্স বলছে, ইউক্রেনের গুরুত্ব সম্পর্কে আসন্ন ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসনের দোদুল্যমান ইউরোপীয় মিত্র এবং যে কোনো সংশয়বাদীদের সমাবেশ করা। তিনি অন্যান্য পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তাদের সাথে যোগ দিয়ে রাশিয়ার ক্রমবর্ধমান নাশকতামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেছেন।

ন্যাটো ও পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলেছে, ইউরো-আটলান্টিক অঞ্চলজুড়ে ক্রমবর্ধমান শত্রুতামূলক তৎপরতার পেছনে রাশিয়ার হাত রয়েছে, যার মধ্যে রয়েছে বারবার সাইবার হামলা থেকে শুরু করে মস্কো-সংশ্লিষ্ট অগ্নিসংযোগ- যার সবগুলোই রাশিয়া অস্বীকার করেছে।

যুক্তরাজ্যের অভ্যন্তরীণ গোয়েন্দা প্রধান গত মাসে বলেছিলেন, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির চেষ্টা করছে। মার্কিন গোয়েন্দা সংস্থার সঙ্গে পরিচিত সূত্রগুলো চলতি সপ্তাহে রয়টার্সকে জানিয়েছে, কিয়েভের প্রতি সমর্থনের কারণে পশ্চিমাদের ওপর চাপ বাড়াতে ইউরোপীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নাশকতার প্রচারণা চালাতে পারে রাশিয়া।

মুর আরও বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা তার সমাজকে নিরাপদ করেছে এবং এটি অব্যাহত থাকবে। আমাদের পারস্পরিক নিরাপত্তা এগিয়ে নিতে আমি প্রথম ট্রাম্প প্রশাসনের সঙ্গে সফলভাবে কাজ করেছি আর আবারও তা করার জন্য উন্মুখ হয়ে আছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত