রাজধানীর মোহাম্মদপুর থানার হাউজিং কর্মী বিল্লাল গাজী হত্যা মামলার অন্যতম আসামি ও ‘কবজি কাটা গ্রুপ’-এর অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে (২৮) দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার রাতে আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা সামুরাই, পাহাড়ি দা, লক কাটার, তিনটি ওয়াকিটকি, দুটি ওয়াকিটকি চার্জার, শিশা খাওয়ার মেশিন, মোটরসাইকেল, রাউটার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার সকালে র্যাব-২ সহকারী পরিচালক এএসপি শিহাব করিম বলেন, গ্রেপ্তার বিল্লাল মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘কবজি কাটা গ্রুপ’ গ্যাংয়ের সদস্য। তারা বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হওয়া হাউজিং কোম্পানির মাঠপর্যায়ের কর্মী বিল্লাল গাজী হত্যা মামলা রয়েছে।
