কক্সবাজারের টেকনাফে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ৬ শ্রমিককে অপহরণ করেছে দূর্বৃত্তরা। ঘটনার পর পুলিশের অভিযানের মুখে তিনজনকে ছেড়ে দিলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে। তবে এখনো অপহৃতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের বরাতে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাক যোগে ৭/৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথে বাহারছড়া ঢালায় পৌঁছালে একদল অজ্ঞাত অস্ত্রের মুখে গাড়ির গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা সহকারীসহ ৬ জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা পুলিশকে জানালে তারা তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও বাকিদের সন্ধান পাওয়া যায়নি। দুর্বৃত্তরা অপহৃতদের জিম্মি রেখেছে নাকি ছেড়ে দিয়েছে এ বিষয়ে নিশ্চিত হতে না পারলেও পুলিশ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। কারা, কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য বলছে, এ নিয়ে এক বছর দুই মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৪৩ জন অপহৃত হয়েছে। এর মধ্যে ৮৬ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা নাগরিক। অপহৃতদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছে বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।
টেকনাফ থানার তথ্য মতে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে নভেম্বরের এই পর্যন্ত অপহরণের মামলা হয়েছে ১৩টি। এসব মামলায় আসামির সংখ্যা কমপক্ষে ৬০ জন। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।
অভিষেক নয়, ঐশ্বরিয়ার ফোনের ওয়ালপেপারে কার ছবি?