তৃতীয় দিনেই বেন স্টোকসরা বুঝিয়ে দিয়েছিলেন, জয় কেবল সময়ের অপেক্ষা। ক্রাইস্টচার্চ টেস্টের চতুর্থ দিন সেটা আনুষ্ঠানিকতায় রূপ দিতে খুব বেশি সময় নিতে হয়নি ব্রেন্ডন ম্যাককালামের শিষ্যদের। মাত্র ১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের দাপুটে জয় তুলে নিয়ে ইংল্যান্ড এগিয়ে গেছে সিরিজে।
৪ রানের লিড নিয়ে দিন শুরু করেছিল নিউজিল্যান্ড। তবে ইংলিশ পেসার ব্রাইডন কার্সের বিধ্বংসী বোলিংয়ের সামনে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে থেমে যায় মাত্র ২৫৪ রানে। কার্স একাই শিকার করেন ৬ উইকেট। দলের স্কোরে বড় অবদান রাখেন ড্যারিল মিচেল। দশম উইকেটে ৪৫ রানের জুটি গড়েন ও’ রুর্ককে সঙ্গে নিয়ে। তবে মিচেলের ৮৪ রানের ইনিংসও নিউজিল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি।
১০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড মাত্র ১২.৪ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়। অভিষিক্ত জ্যাকব বেথেল খেলেন দারুণ এক ৩৭ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস। তাকে সঙ্গ দেন জো রুট, যিনি ১৫ বলে করেন ২৩ রান। বেন ডাকেটের ব্যাট থেকে আসে ১৮ বলে ২৭।
ম্যাচে ১০ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন ব্রাইডন কার্স। গত ১৬ বছরে দেশের বাইরে কোনো ইংলিশ পেসারের ১০ উইকেট নেওয়ার ঘটনা এটাই প্রথম। তার দুর্দান্ত পারফরম্যান্সই ম্যাচসেরা হওয়ার পথে এগিয়ে দেয় ইংল্যান্ডকে। ইংল্যান্ডের জয়ের মূল ভিত্তি ছিল প্রথম ইনিংসের বড় লিড। নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৩৪৮ রানে গুটিয়ে দিয়ে ইংল্যান্ড তোলে ৪৯৯ রান। হ্যারি ব্রুকের ১৭১ রানের ইনিংস ছিল নজরকাড়া। যদিও নিউজিল্যান্ডের ফিল্ডিং ব্যর্থতা তাকে ৫ বার জীবন দেয়।
এদিন বল হাতে দিনের শুরু করেছিলেন অধিনায়ক বেন স্টোকস। তবে টানা ৫ ওভার বল করার পর কোমরে জড়তা অনুভব করায় বোলিং বন্ধ করে দেন। ২০২২ সালের ডিসেম্বরের পর এই টেস্টে সর্বোচ্চ ১৯.৩ ওভার বল করেছেন স্টোকস, যা তার ফিটনেস নিয়ে শঙ্কা জাগাচ্ছে।
ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘পুরো সপ্তাহে যেভাবে খেলেছি, তাতে খুবই খুশি। ৪৫ রানে ৩ উইকেট হারানোর পর লিড পাওয়া দারুণ ছিল। বোলারদের ধারাবাহিক পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়।’
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৩৪৮ ও ২৫৪ (উইলিয়ামসন ৬১, মিচেল ৮৪; কার্স ৬/৪২, ওকস ৩/৫৯)
ইংল্যান্ড: ৪৯৯ ও ১০৪/২ (বেথেল ৫০*, রুট ২৩*; হেনরি ১/১২, ও’ রুর্ক ১/২৭)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ব্রাইডন কার্স
এই জয়ের মধ্য দিয়ে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। সিরিজের পরবর্তী ম্যাচে স্টোকসের ফিটনেস ইংল্যান্ডের জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে পারে।
পেনাল্টি থেকে হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় ক্লুইভার্ট
অ্যানফিল্ডে আজ দুই বিপ্লবীর মহারণ
শেষ বেলায় কিংস্টনের আকাশের হাসিতে সাদমানের ফিফটি