বৈষম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনে সময় গণহত্যার সাথে জড়িত থাকার অভিযোগ ও হুকুমদাতা দাবি করে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম রাসেল ইসলাম নূরের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে উপজেলা ঘেরাও কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত পৌঁনে ১০টা পর্যন্ত সাভার উপজেলা ঘেরাও কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা ১ ঘণ্টা আল্টিমেটাম দেয়। এর মধ্যে এসিল্যান্ড এসএম রাসেল ইসলাম নূরকে প্রত্যাহার এবং গ্রেপ্তার করা না হলে সাভারে সকল স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে উপজেলা পরিষদ ঘেরাও করা হবে। এ ছাড়াও দাবি মানা না হলে উপজেলার প্রতিটি দপ্তরে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার পক্ষে শিক্ষার্থী রাফসান বলেন, এসএম রাসেল ইসলাম নূর আওয়ামী লীগের সময় থেকে দায়িত্ব পালন করছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে তিনি সরাসরি জড়িত ছিলেন। আমরা দেখেছি তিনি ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে উপস্থিত থেকে হত্যাযজ্ঞের সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তাই তাকে পদত্যাগ করতে হবে।
অপর শিক্ষার্থী সৌরভ বলেন, আমরা জানি ফ্যাসিস্টদের আমলে কোনো কর্মকর্তা অপরাধ করলে তাকে বদলি করা হতো। বদলি করাটা তো কোনো শাস্তি না। আমরা চাই এখানে ১ ঘণ্টার মধ্যে এসএম রাসেল ইসলাম নূর উপস্থিত হয়ে পদত্যাগ করবেন এবং পুলিশ তাকে গ্রেপ্তার করবেন। আমরা খুনি এসিল্যান্ডের শাস্তি চাই।
বিক্ষোভের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে আসেন। এ সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারের নেতৃত্বে শিক্ষার্থীদের সাথে বসে কথা বলার চেষ্টা করেছেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক এ সময় কয়েক দফায় শিক্ষার্থীদের সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে চাইলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা তার সাথে বসতে অস্বীকৃতি জানায়। সবশেষে রাত পৌঁনে ১০টার দিকে সাভার উপজেলা পরিষদ ভবনের গেটে এবং এসিল্যান্ড অফিসের গেটে তালা লাগিয়ে দেয়।
এ সময় আন্দোনকারী শিক্ষার্থীরা সংক্ষিপ্ত বক্তব্যে জানায়, সোমবার সকাল ১০টার মধ্যে ছাত্র-জনতার হত্যাকারী এসিল্যান্ড রাসেল ইসলাম নূরকে গ্রেপ্তার করা না হলে সকল শিক্ষার্থীদের নিয়ে আবারো অবস্থান কর্মসূচি পালন করা হবে।
বাংলাদেশ নৌবাহিনী আজ আধুনিক ত্রিমাত্রিক বাহিনী: নৌবাহিনী প্রধান
গৃহস্থালি ঘোষণা দিয়ে সিগারেট আমদানি, ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
আ. লীগের লুটপাটের চিত্র পাঠ্যবইয়ে আসা উচিত মনে করেন ড. ইউনূস