বৈরী আবহাওয়ার মধ্যেও পাকিস্তানের মেডিকেল কলেজে বিক্ষোভ অব্যাহত

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৪ পিএম

পাকিস্তানের বেলুচিস্তানের কোয়োটায় বোলান মেডিকেল কলেজে ছাত্রদের আন্দোলন তীব্রতর হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যেও ক্যাম্পাস খুলে দেওয়াসহ হোস্টেল পুনরায় চালু করা ও আটক ছাত্রদের মুক্তির দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। 

পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, গত ১২ নভেম্বর দুটি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষের পর বোলান মেডিকেল কলেজ দুই সপ্তাহের জন্য বন্ধ করে ছাত্রদের হল খালি করে দিতে বলা হয়। হোস্টেলের কক্ষ বরাদ্দ নিয়ে বিরোধের জের ধরে এই সহিংসতা শুরু হয় বলে জানিয়েছেল পুলিশ। পুলিশ সহিংস সংঘর্ষে জড়িত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে। সংঘর্ষে ছয় শিক্ষার্থী আহত হয়ে পরে বোলান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এ ঘটনায় মোট ১২ জন শিক্ষার্থীকে আটক করা হয়।

দ্য বেলুচিস্তান পোস্টের খবরে বলা হয়, বিএমসি প্রশাসন বেলুচি ছাত্রদের রুখতে আইন প্রয়োগকারী সংস্থার লোকদের কলেজ ক্যাম্পাসে ডেকে নিয়ে এসেছে বলে বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি। তারা ছাত্রদের ওপর লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। এছাড়াও তারা হোস্টেলে ঢুকে ছাত্রদের দামী জিনিসপত্র নয়ে গেছে। এসব ঘটনায় বাধা দিলে পরে কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।

ছাত্র সংগঠনগুলো তাদের বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছে যে, কলেজ বন্ধের ফলে অনেক শিক্ষার্থীর পুরো শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যেতে পারে। কিছু শিক্ষার্থীদের জন্য পরীক্ষা চলছে এবং অন্যদের জন্য ব্যবহারিক মূল্যায়ন এখনও মূলতবি রয়েছে।

এমতাবস্থায় আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস খুলে দেওয়াসহ হোস্টেল পুনরায় চালু করার পাশাপাশি আটক ছাত্রদের মুক্তির দাবি করছেন। এছাড়াও তারা ক্যাম্পাস থেকে পুলিশ ও আধাসামরিক বাহিনীকে সরিয়ে নেওয়ার জন্য বিক্ষোভ করছেন। আন্দোলনরত ছাত্র সংগঠনগুলো হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তাদের দাবি পূরণ না হয়, তাহলে তারা তাদের বিক্ষোভ আরও বাড়িয়ে দেবে, বেলুচিস্তানের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত