ইসরায়েলের বাধায় গাজায় ত্রাণ সরবরাহ স্থগিত

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ এএম

ইসরায়েলের বাধায় গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান প্রবেশপথ করিম আবু সালেম দিয়ে ত্রাণ সরবরাহ স্থগিত করেছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা। তেল আবিবের বাধা ও ত্রাণ ছিনতাইয়ের ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সংস্থাটির প্রধান ফিলিপ লাজারিনি।

এক বিবৃতিতে তিনি বলেন, মানবিক সহায়তা সরবরাহ কখনই এত বিপজ্জনক ও দুর্বিষহ হওয়া উচিত নয়। গত ১৬ নভেম্বর একটি বড় ত্রাণ সরবরাহকারী ট্রাকের বহর ছিনতাই করে একটি সশস্ত্র গোষ্ঠী। সোমবারও এই পথে কয়েকটি খাবারের ট্রাক প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। সেগুলোও ছিনতাই হয়েছে। গাজায় মানবিক সহায়তা পৌঁছানো অসম্ভব হয়ে ওঠার পেছনে পাঁচটি প্রধান কারণ উল্লেখ করেন ইউএনআরডব্লিউএ- প্রধান। সেগুলো হচ্ছে গাজায় ইসরায়েলের চলমান অবরোধ, ইসরায়েলি কর্র্তৃপক্ষের বাধা, ত্রাণের পরিমাণ কমাতে রাজনৈতিক সিদ্ধান্ত, ত্রাণ পাঠানোর রাস্তায় নিরাপত্তাহীনতা এবং স্থানীয় পুলিশের ওপর আক্রমণ। আর এজন্য ইসরায়েলকে দায়ী করেন লাজারিনি। তিনি বলেন, দখলদার শক্তি হিসেবে ইসরায়েলের দায়িত্ব ত্রাণ ও ত্রাণকর্মীদের সুরক্ষা নিশ্চিত করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত