ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেরদাদ আখলাঘি কেতাবচি। ইরানের সংসদে আস্থা ভোটে জয়ী হয়ে গতকাল রবিবার প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রকে নতুন করে ‘ভুল হিসাব’ না করার হুঁশিয়ারি দিয়েছেন নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী। কেতাবচি বলেন, ‘ওয়াশিংটন যদি আবারও ভুল হিসাব করে, তাহলে ইরানিদের জবাব হবে বিস্ময়কর ও ব্যাপক।’ তিনি আরও বলেন, ‘এর ফলে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে যে পরিণতি তৈরি হবে, তার সম্পূর্ণ দায়ভার থাকবে যুক্তরাষ্ট্র সরকার ও তার মিত্রদের ওপর।’
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি বলছে, দেশটির সংসদের উন্মুক্ত অধিবেশনে তার যোগ্যতা ও পরিকল্পনা পর্যালোচনার পর তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়া হয়। তিনি আগের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আজিজ নাসিরজাদেহর স্থলাভিষিক্ত হয়েছেন। চলতি বছর ফেব্রুয়ারিতে নাসিরজাদেহ নিহত হওয়ার পর থেকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন মাজিদ ইবন আল-রেজা।