বালামের ৩০ বছর

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম

কয়েক বছর ধরে গানে অনিয়মিত ছিলেন এক সময়ের আলোচিত গায়ক বালাম। মাঝে মধ্যে একটি দুটি গান প্রকাশ করলেও হিট সুপারহিটের দেখা পাচ্ছিলেন না। সর্বশেষ ‘প্রিয়তমা’ চলচ্চিত্রে গেয়ে দারুণভাবে কামব্যাক করেন তিনি। ওয়ারফেইজের এক সময়ের জনপ্রিয় ভোকাল ব্যান্ড ছেড়ে একা যাত্রা শুরু করেন। এ বছর বালাম সংগীত জীবনের ৩০ বছর স্পর্শ করেছেন।

সোমবার এই গায়ক তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘৩০ বছরের সংগীত জীবন আমার, অজস্র স্মৃতি একই সঙ্গে আপনাদের সমর্থন। আমার এই ক্যারিয়ারের জার্নির অংশ হওয়ার জন্য শুধু ধন্যবাদই আপনাদের জন্য যথেষ্ট না। আশা করছি আসন্ন সময়ে আরও অনেক নতুন কিছু আসবে।’

২০২৩ সালে ভক্তদের বিষন্ন মনের আকাশে ঝলমলে রোদ হয়ে এলেন বালাম। পুষিয়ে দিলেন বিরতির পুরোটা। ‘ও প্রিয়তমা’ গান দিয়ে শ্রোতাদের মনে আবারও প্রিয় হয়ে উঠলেন তিনি। বিরতির পর এ যেন দুর্দান্ত প্রত্যাবর্তন ছিল বালামের।

২০০৭ সালে দেশের সংগীতাঙ্গনে দাপুটে বিচরণ ছিল বালামের। একের পর এক হিট গান উপহার দিয়েছেন। ‘একমুঠো রোদ্দুর’, ‘লুকোচুরি’, ‘একাকী মন আজ নীরবে’সহ বেশ কিছু গান আলোচনায় ছিল। বোন জুলির সঙ্গেও একাধিক গান এবং ‘বালাম ফিচারিং জুলি’ শিরোনামে অ্যালবামও বেশ সাড়া ফেলে।

আর ক্যারিয়ারের ৩০ বছর স্পর্শ করায় সামাজিক হ্যান্ডেলের পোস্টেও লিখেছেন, ‘একাকী মন আজ নীরবে।’ হয়তো এই গান বালামের ৩০ বছরের মাইলফলকের একটি স্মরণীয় অংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত