দৃষ্টিশক্তি হারিয়েছেন গ্র্যামি ও অস্কারজয়ী ব্রিটিশ সঙ্গীতশিল্পী এলটন জন! সম্প্রতি, একটি অনুষ্ঠানে এসে নিজের মুখেই এ কথা স্বীকার করেছেন ‘ক্যান্ডল ইন দ্য উইন্ড’, ‘ক্রোকোডাইল রক’, ‘গুডবাই ইয়েলো ব্রিক রোড’-খ্যাত সঙ্গীতশিল্পী। খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করছেন ভক্তরা।
রবিবার লন্ডনে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাদা’ শীর্ষক মিউজ়িক্যালের প্রথম শো দেখতে উপস্থিত হন এলটন। তিনি দর্শকদের উদ্দেশে বলেন, ‘এর আগে অনেকগুলো প্রিভিউয়ে আমি উপস্থিত থাকতে পারিনি। কারণ, আপনারা অনেকেই হয়তো জানেন আমি দৃষ্টিশক্তি হারিয়েছি। তাই শো দেখা আমার পক্ষে অসম্ভব। কিন্তু শুনে খুব ভাল লেগেছে।’
চলতি বছরের সেপ্টেম্বর মাসে এলটন জানান তার চোখে একটি সংক্রমণ হয়েছে, যার ফলে তার দৃষ্টিশক্তি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এক চোখে তিনি দেখতে পারছেন। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে এলটন লেখেন, ‘আমি দ্রুত সেরে উঠছি। কিন্তু আরোগ্যের প্রক্রিয়া খুবই ধীর এবং ক্ষতিগ্রস্ত চোখে দৃষ্টিশক্তি ফিরে আসতে অনেকটাই সময় লাগবে।’ভক্তরা তখন প্রিয় গায়কের দ্রুত আরোগ্য কামনা করেন।
কিন্তু রবিবারে এলটনের বক্তব্য ঘিরে হতাশা জমেছে ভক্তদের মনে। ‘দৃষ্টিশক্তি হারিয়েছি’ বলতে শিল্পীর চোখের স্বাস্থ্য নিয়েও জল্পনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, সংক্রমণের কারণে এলটন কি তা হলে সম্পূর্ণ দৃষ্টিহীন হয়ে পড়লেন! আগামী দিনে তার দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে কি না, সে বিষয়ে শিল্পী এখনও কোনও তথ্য প্রকাশ করেননি।
সাবেক প্রেমিককে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে গ্রেপ্তার নার্গিস ফাখরির বোন