বগুড়ায় স্বামীর নির্যাতনে আহত স্ত্রীর হাসপাতালে মৃত্যু

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ পিএম

বগুড়ার শাজাহানপুরে স্বামীর নির্যাতনে আহত রেক্সোনা (৫০) নামের এক গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় ঘাতক স্বামী আবু জাফরকে (৬০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার খরনা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে।

গৃহবধূ রেক্সোনার স্বজন এবং প্রতিবেশীরা জানিয়েছেন, গৃহবধূ রেক্সোনাকে স্বামী আবু জাফর দীর্ঘদিন ধরে শারীরিক নির্যাতন করে আসছিলেন। এক পর্যায়ে গত ২৬ নভেম্বর রেক্সোনাকে মারপিট করে গুরুতর আহত করে। পরদিন ২৭ নভেম্বর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয় রেক্সোনাকে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ডেলটা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার (২ ডিসেম্বর) রাতে রেক্সোনা মারা যান।

রেক্সোনার ছোট বোন মিনু আক্তার জানান, আবু জাফর এর আগেও অনেকবার রেক্সনাকে মারধর করেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, সোমবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযান চালিয়ে খুনি স্বামী আবু জাফরকে গ্রেপ্তার করা হয়। গৃহবধূ রেক্সোনার মরদেহের ময়নাতদন্ত করে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত