‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার আইটেম গান ‘কিসিক’ এ আল্লু অর্জুনের সঙ্গে পর্দায় কোমর দোলাতে দেখা গেছে শ্রীলীলাকে। এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে রয়েছে গানটি। শুধু তাই নয়, এই গানে তার অসাধারণ নৃত্য পারফরম্যান্স নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে। তার অভিনয় ও নৃত্যশৈলীতে এক নতুন মাপকাঠি স্থাপন করেছেন, যা বছরের সেরা গানের তালিকায় স্থান পেয়েছে এই গান। গানটি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে নানা আলোচনা, সমালোচনাও। নেটিজেনদের দাবি, শ্রীলীলার ‘কিসিক’ কোনোভাবেই সামান্থা রুখ প্রভুর ‘উ আন্টাভা’-কে ছুঁতে পারেনি। কেউ কেউ বলছেন, শ্রীলীলাকে যেন সামান্থার মতো করেই সাজিয়ে তোলা হয়েছে। এই সিনেমার আইটেম গানের প্রস্তাবও নাকি প্রথমে গিয়েছিল সামান্থার কাছেই। তারপর এই প্রস্তাব দেওয়া হয় শ্রদ্ধা কাপুরকে। কিন্তু তাদের পারিশ্রমিক শুনে পিছিয়ে যান ছবির নির্মাতারা।
তারপরেই গানটির জন্য বেছে নেওয়া হয় শ্রীলীলাকে। ‘কিসিক’ গানের জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন তিনি। অন্যদিকে মাত্র তিন মিনিটের গান ‘উ আন্টাভা’র জন্য সামান্থা নিয়েছিলেন ৫ কোটি রুপি। অর্থাৎ সামান্থা যা পেয়েছিলেন, তার থেকে অন্তত ৬০ শতাংশ কম পারিশ্রমিক নেন শ্রীলীলা।
এই গানটি দিয়ে রীতিমতো হালের সেনসেশন বনে যান শ্রীলীলা। গানটি ছিল এক কথায় শিল্পীদের মধ্যে প্রতিযোগিতামূলক, যেখানে অনেক নামি অভিনেত্রী এই গানটির অংশ হতে চেয়েছিলেন। কিন্তু শ্রীলীলা নিজের অনন্য নৃত্যশক্তিতে গানটিকে নিজের করে নিয়েছেন।
যদিও পারফরম্যান্সের জন্য আলোচিত হচ্ছেন তিনি, তবে তার শুরুর পথ ছিল একেবারে ভিন্ন। শ্রীলীলা একজন প্রশিক্ষিত ক্লাসিক্যাল নৃত্যশিল্পী। এমনকি তার নৃত্যশৈলীতে যে ক্লাসিক্যাল প্রশিক্ষণ ও কঠোর অধ্যবসায় রয়েছে, তা স্পষ্টতই পর্দায় তার পারফরম্যান্সে প্রতিফলিত হয়।
২০১৭ সালে ‘চিত্রাঙ্গদা’ সিনেমার মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক ঘটে শ্রীলীলার।
