বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে একটি পৃথক সেন্টার গঠনের প্রস্তাব করা হয়েছে। সেন্টারটির নাম হবে ‘সুপার স্পেশালাইজড রিহ্যাবিলিটেশন সেন্টার ফর দ্য জুলাই ২৪ ওয়ারিয়র’। এখানে আন্দোলনে আহতদের প্র;েয়াজনীয় চিকিৎসা দেওয়া হবে এবং প্রয়োজনে পুনর্বাসনও করা হবে।
গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ‘ইন্টারন্যাশনাল ডে অব পারসন উইথ ডিজঅ্যাবিলিটিস’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বিভাগের চেয়ারম্যান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা সেলের সভাপতি অধ্যাপক ডা. এম এ শাকুর এই প্রস্তাব করেন।
সেমিনারে এই চিকিৎসক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ২৯৬ জনকে চিকিৎসা দিয়েছে বিএসএমএমইউ। এর মধ্যে জরুরি বিভাগে ৫৮ জন রোগী, কেবিনে ৫৩ রোগী, সুপার স্পেশালাইজড হাসপাতালের বহির্বিভাগে ১৫২ রোগী, অভ্যন্তরীণ বিভাগে ২৪ রোগী এবং আইসিইউতে ১০ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়।
সেমিনারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে আহত ইয়াসিন আরাফাত বিশ^বিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন বিভাগের চিকিৎসাসেবায় পঙ্গুত্বের দুয়ার থেকে সুস্থ হয়ে ওঠার গল্প শোনান। তিনি আগস্টে ছাত্র আন্দোলনে অংশ নিয়ে কোমরে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। পরে বিএসএমএমইউতে চিকিৎসাসেবা নিতে আসেন।
