ইয়ামাল ফিরতেই বদলে গেল বার্সা; গোল না করেও হলেন জয়ের নায়ক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পিএম

চোটের কারণে চার সপ্তাহ মাঠের বাইরে ছিলেন বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। এই চার সপ্তাহে বার্সার পারফর্মেন্স যেন ছন্নছাড়া হয়ে গিয়েছিল। অবশেষে চোট কাটিয়ে মাঠে ফিরেই জয়ের স্বাদ পেলেন ইয়ামাল। লা লিগার ম্যাচে রিয়াল মায়োর্কাকে তাদের মাঠেই ৫-১ গোলে বিধ্বস্ত করল হান্সি ফ্লিকের দল।

বার্সার পাঁচ গোলের একটিও করতে পারেননি ইয়ামাল। শুরুতে ফেররান তরেস বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই সমতায় ফেরে মায়োর্কা। দ্বিতীয়ার্ধে রাফিনহা গোল করেন দুটি, একটি করে গোল করেন ফ্রেংকি ডি ইয়ং ও পাউ ভিক্টর। কিন্তু কোচের চোখে ম্যাচ জয়ের নায়ক ইয়ামাল। চোট কাটিয়ে ফেরা তরুণকেই ম্যাচ জয়ের বড় কৃতিত্ব দিলেন বার্সেলোনা হান্সি ফ্লিক।

১৭ বছর বয়সী তারকাকে নিয়ে ফ্লিক বলেছেন, ‘আজকে সে (ইয়ামাল) আমাদের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ। দলের জন্য সবসময়ই সে ইতিবাচক কিছুই বয়ে আনে। আজকে সে দু-একটি গোলও করতে পারত। সব মিলিয়ে দারুণ খেলেছে। অবশ্যই দলের পারফরম্যান্সে আমি খুশি। প্রথমার্ধে আমরা অনেক সুযোগ তৈরি করি এবং গোলও করি। তবে ওরা পাল্টা আক্রমণে গোল শোধ করে দেয়। তারপরও আমরা নিজেদের খেলা চালিয়ে গেছি। আজকের রাতটি যেভাবে গিয়েছে, গোটা দলই তাতে খুশি।’

ইয়ামালের অনুপস্থিতির সময়টুকুতে লা লিগায় তিন ম্যাচ খেলে স্রেফ একটি পয়েন্ট পায় বার্সেলোনা। তাদের খেলা ছিল একদমই ছন্নছাড়া। সুতরাং, এতেই প্রমাণিত হয় ইয়ামাল বার্সার প্রাণভোমরা। লা লিগায় পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ১৬ ম্যাচে ৩৭। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত