সিরিজ সেরা সাজিদ বাদ; পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন বাবর!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পিএম

পাকিস্তানে ক্রিকেট হবে আর নাটকীয়তা হবে না- সেটা কীভাবে সম্ভব? ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়ে ১৯ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হয়েছিলেন স্পিনার সাজিদ খান। তাকেই এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে রাখা হলো না। বরং ফেরানো হলো ওই সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাদ পড়া বাবর আজমকে।

আজ বুধবার দক্ষিণ আফ্রিকা সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। এই দলে বাবর ছাড়াও আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আগা। একমাত্র স্পিনার হিসেবে আছেন ইংল্যান্ড সিরিজের আরেক পারফর্মার নোমান আলী। পেসার নাসিম শাহ টেস্ট আর ওয়ানডে দলে থাকলেও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে লাল বলের দলে নেই শাহিন শাহ আফ্রিদি।

পিসিবি জানিয়েছে, কন্ডিশনের কারণেই মূলত বাদ পড়েছেন সাজিদ। এই সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়নে। দক্ষিণ আফ্রিকার এই ভেন্যুতে টেস্টে শীর্ষ ১০ উইকেট সংগ্রাহকের মধ্যে একজনও স্পিনার নেই। সর্বোচ্চ উইকেট ডেল স্টেইনের–৫৯টি। দ্বিতীয় টেস্টের ভেন্যু কেপটাউনেও থাকে পেসারদের দাপট। তাই পেস নির্ভর দলই সাজিয়েছে পাকিস্তানের নির্বাচকেরা।

টেস্ট দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), কামরান গোলাম, খুররম শাহজাদ, মীর হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আগা।

ওয়ানডে দল: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, তৈয়ব। তাহির, উসমান খান।

টি-টোয়েন্টি: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটকিপার), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মকিম , তৈয়ব তাহির, উসমান খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত