দুর্নীতির কারণে প্রতিটি পানি শোধানাগার থেকে সক্ষমতা অনুযায়ী পানি সরবরাহ করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। আজ বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা ওয়াসার বুড়িগঙ্গা হলে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, পদ্মা পানি শোধানাগার থেকে দৈনিক ৪৫ কোটি লিটার পানি সরবরাহ করার সক্ষমতা রয়েছে। কিন্তু সরবরাহ করা হচ্ছে মাত্র ১৮ কোটি লিটার পানি। এর কারণ পানি সরবরাহ লাইনে নিম্ম মানের পাইপ বসানো হয়েছে। এখানে ঠিকাদার বড় ধরনের দুর্নীতি করেছে। এরসঙ্গে কর্মকর্তারা জড়িত রয়েছে বলে আমি মনে করি। কারণ কর্মকর্তা তদারকি করলে ঠিকাদার এরকম দুর্নীতি করতে পারে না।
তিনি বলেন, বাসায় আমি যখন টিভি বা পত্রিকা দেখি তখন সিটি করপোরেশন কিংবা ওয়াসার দুর্নীতির সংবাদ দেখি। যা আমার মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা। এই দুর্নীতি মোকাবেলা করতে হবে। এটা একা সম্ভব নয় সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা করতে হবে। কোনও কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি করলে অভিযোগ মন্ত্রণালয়ে দেবেন। আমাদের নিজস্ব সেল রয়েছে। আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, সামনে শুষ্ক মৌসুম আসছে। এই মৌসুমে পানির স্তর নিচে নেমে যায় এবং পানির স্বল্পতা দেখা দেয়। আর শুস্ক মৌসুমে এবার রমজান আসবে। তাই শুস্ক মৌসুম বা রমজানে যেন পানির স্বল্পতা তৈরি না হয় সে অনুযায়ী পরিকল্পনা নেন।
বিশেষ অতিথির বক্তব্য স্থানীয় সরকার সচিব নজরুল ইসলাম বলেন, ৯ বছর আগে একটি একটি প্রকল্প নেওয়া হয়েছে। যার অগ্রগতি মাত্র ৫ শতাংশ। তার মানে এই প্রকল্পে শুধু মাত্র বেতন দেওয়া ছাড়া কোনও কাজ হয়নি। এটা কাম্য হতে পারে না। এর সুষ্ঠু ব্যবস্থাপনা প্রয়োজন।
সভার সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান। অন্যান্যদের মধ্যে ঢাকা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম সহিদ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৯
ছাত্রলীগ নেতাকে বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা 