'রাজনীতি টেনে আনলে তাদের সঙ্গে বিশ্বকাপেও খেলো না'

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:১১ পিএম

আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষীক সিরিজ নিয়মিত বাতিল করে আসছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ বাতিল করেছে, সবশেষ এই বছরের মার্চে বাতিল করে টি-টোয়েন্টি সিরিজ। ২০২১ সালে হোবার্টে একমাত্র টেস্টও বাতিল করেছিলো অস্ট্রেলিয়া। সব ক্ষেত্রেই অস্ট্রেলিয়া সিরিজ বাতিলের কারণ হিসেবে বলেছে, নারীদের ওপর তালেবান সরকারের কঠোর নীতি।

যা মূলত রাজনৈতিক বিষয়। আইসিসি সদ্য বিদায়ী প্রেসিডেন্ট গ্রেগ বার্কলে এই বিয়য়ে সমালোচনা করেছেন অস্ট্রেলিয়ার। তার মতে ক্রিকেটে যদি রাজনীতি টেনে আনাই হয় তবে বিশ্বকাপে কেন আফগানিস্তানের বিপক্ষে খেলছে অস্ট্রেলিয়া।

বার্কলে বলেন, 'আপনি যদি সত্যিই রাজনৈতিক বিষয় টানতে চান তবে তাদের বিপক্ষে বিশ্বকাপেও খেলবেন না। অবশ্যই এটি আপনাকে সেমিফাইনাল স্পট থেকে দূরে ঠেলে দিতে পারে। কিন্তু নীতি তো নীতিই। এখানে অর্ধেক নীতি থাকা ঠিক নয়।'

বার্কলে মনে করেন নারীদের অধিকারের বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে দোষ দিয়ে কোন লাভ নেই। আফগানিস্তানে যেহেতু তালেবান সরকার তাদের নিয়মেই চলতে হবে সব।

বার্কলে এমন সময় মন্তব্য করলেন যখন রাজনৈতিক কারণেই পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যেতে অস্বীকৃতি জানিয়েছে ভারত। চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যত এখনো ঝুলে রয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত