ইউটিউবে পিস্তল চালানো শেখেন প্রেমিক তৌহিদ শেখ তন্ময় (২৮)। এরপর মুন্সীগঞ্জের শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে প্রেমিকা শাহিদা ইসলাম রাফা ওরফে শাহিদা আক্তারকে (২২) গুলি করে হত্যা করেন। আড়াই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন শাহিদা। বিয়ের চাপ দিলে তৌহিদ ক্ষিপ্ত হন এবং হত্যা করার পরিকল্পনা করেন।
গত মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলফিকার হোসাইন রনির কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তৌহিদ। গতকাল বুধবার সকালে প্রেমিকা শাহিদা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক মো. ইয়াসিন এ তথ্য জানান। তিনি বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তৌহিদ বলেছেন, হত্যায় ব্যবহৃত পিস্তলটি তৌহিদ গত ৫ আগস্ট সরকার পতনের দিন রাজধানীর ওয়ারী থানা থেকে লুট করেন। আগে অস্ত্র চালানোর অভিজ্ঞতা ছিল না। তাই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে শিখেছেন। পরিকল্পনা অনুযায়ী থানা থেকে লুট করা পিস্তল নিয়ে প্রেমিকাকে নিয়ে বের হয়েছিলেন।
গত শনিবার সকালে ঢাকা-মাওয়ার এক্সপ্রেসওয়ের জেলার শ্রীনগর উপজেলার দোগাছি এলাকার সার্ভিস লেনে গুলিবিদ্ধ অবস্থায় প্রেমিকা শাহিদা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। শাহিদা ময়মনসিংহের বেগুনবাড়ি বরিবয়ান গ্রামের প্রয়াত আবদুল মোতালেবের মেয়ে।
