ভারতের ত্রিপুরায় ইয়াছিন (২৮) নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে ভারতীয়রা। গতকাল বুধবার সকালে সেখানকার বিলোনিয়া চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে ভারতীয় পুলিশ। ত্রিপুরায় ‘স্যন্দন টিভি’ নামে একটি অনলাইন সংবাদমাধ্যমে এসংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে।
আহত ইয়াছিন ত্রিপুরার স্থানীয় সাংবাদিকদের জানান, বিলোনিয়া সীমান্ত দিয়ে তিনি রসুন-পেঁয়াজের ব্যবসা করেন।
ব্যবসার টাকা আনতে বিলোনিয়া সীমান্তে দিয়ে ভারতে যান। দেনাদার ভারতের মিট্টে ও এগুটে টাকা না দিয়ে উল্টো লোকজনকে নিয়ে তাকে চোর বলে পেটাতে থাকে, একপর্যায়ে তাকে দা দিয়ে কোপায়। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় শান্তিবাজার জেলা হাসপাতালে ভর্তি করেছে।
এ ঘটনা তদন্ত করছে বিলোনিয়া থানা পুলিশ। আহত ইয়াছিনের বাড়ি ফেনী জেলার বিলোনিয়া স্থলবন্দর এলাকায়।
সিলেট সীমান্তে ভারতের অভ্যন্তরে মিলল বাংলাদেশি বৃদ্ধের লাশ : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ভারতের অভ্যন্তরে বাংলাদেশি এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নাম আশরাফ উদ্দিন (৬৫)। তিনি কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্তবর্তী বাটরা গ্রামের মৃত শামস উদ্দিনের ছেলে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বিএসএফ লাশটি বিজিবির কাছে হস্তান্তর করেছে।
বিজিবি সূত্র জানায়, আশরাফ উদ্দিন সীমান্তের ওপারে জ¦ালানি কাঠ আনতে গিয়ে পাহাড় থেকে পড়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, আশরাফ উদ্দিন প্রায়ই সীমান্তের ওপার থেকে জ¦ালানি কাঠ সংগ্রহ করেন।
গত মঙ্গলবার সকালে তিনি কাঠ আনতে ওপারে যান, কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে স্থানীয়রা কালাইরাগ সীমান্তের ১২১৫ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে আশরাফের মরদেহ পড়ে থাকতে দেখেন।
খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর বিএসএফের সঙ্গে যোগাযোগ করে বিকেলে লাশটি গ্রহণ করে বিজিবি।
বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য মতে ওই বৃদ্ধ পাহাড় থেকে পড়ে মারা গেছেন। নিহতের শরীরে গুলির কোনো চিহ্ন নেই। নিয়ম অনুযায়ী লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফের বিরুদ্ধে তরুণকে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ : ফেনীর পরশুরামে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকা থেকে মোহাম্মদ ইয়াসিন (২০) নামের এক তরুণকে ধরে নিয়ে মারধর করে নির্যাতনের অভিযোগ করেছে তার পরিবার। পৌর এলাকার বিলোনিয়া সীমান্তে গতকাল বুধবার ভোরে এই ঘটনা ঘটে। মোহাম্মদ ইয়াসিন ভারতের একটি হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে বিজিবি ৪ ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক নুরুল ইসলাম বলেন, বিষয়টি তারা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন। প্রকৃত ঘটনা জানার পরে এ বিষয়ে বলা হবে এবং ভারতীয় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে।
