শতরানের উদ্বোধনী জুটি গড়েও জেতা হলো না বাংলাদেশের

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম

আয়ারল্যান্ড সিরিজে একের পর এক নতুন রেকর্ড গড়ছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটা ছিল রেকর্ডময়। এবার সিলেটে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজটাও রেকর্ড দিয়েই শুরু হলো। তবে রেকর্ডগড়া দিনে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত জিততে পারল না নিগার ‍সুলতানা জ্যোতির দল। আইরিশ মেয়েদের কাছে তারা হেরে গেছে ১২ রানে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে আয়ারল্যান্ডের মেয়েরা ১৬৯ রানের পুঁজি পায়। ১৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ থেমে যায় ১৫৭ রানে। জিততে পারলে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়তে পারতেন শারমিন সুপ্তারা। তবে উদ্বোধনী জুটিতে ১০৩ রানের জুটি গড়েছিলেন দিলারা খাতুন ও সোবহানা মোস্তারি।

এই দুজনের ঝড়ো ব্যাটে ১১তম ওভারেই শতরানের দেখা পেয়ে যায় বাংলাদেশ। কিন্তু তাদের উইকেট হারানোর পরই ছন্দ হারায় স্বাগতিকরা। তাদের ব্যাট থেকে আসে ৪৯ ও ৪৫ রান। দুজনের স্ট্রাইক রেটই ছিল ১০০ এর বেশি। তারপর অধিনায়ক জ্যোতিও ফিরে গেছেন মাত্র ৪ রান করেই। মাঝে তাজ নেহার (১৯) ও সুপ্তার (২৩) ব্যাটে আলো জ্বলে উঠেছিল। কিন্তু সেটাও নিভে যায় ওর্লা প্রান্ডারগেস্টের করা ১৯তম ওভারটি মেইডেন হওয়াতে। সঙ্গে তিনি আদায় করেন তাজ ও রিতু মনির উইকেট।

ছয় বছর পর জাতীয় দলে ফেরা জান্নাতুল সুমনাও রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন। মূলত ওর্লার করা ওভারটিতে রিতুর কয়েকটি ডট বলই হয়ে গেছে ম্যাচের টার্নিং পয়েন্ট। ওর্লা আদায় করেছেন ২৪ রান খরচায় ৩ উইকেট। এছাড়া আর্লেন ক্যালির ঝুলিতেও গেছে ৩ উইকেট। এমি ম্যাগুইর নিয়েছেন একটি উইকেট।

এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলকে কঠিন লক্ষ্য দিয়েছিল আয়ারল্যান্ড। ধীরে শুরুর পরও মাঝে ঝড় বইয়ে দিয়ে ৫ উইকেটে ১৬৯ রানের পুঁজি পায় সফরকারীরা। সর্বোচ্চ ৪৫ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন লিয়াহ পল। ওপেনার ও অধিনায়ক গ্যাবি লুইসের ব্যাট থেকে আসে ৬০ রান।টি-টোয়েন্টিতে তাদের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ১৪৬, শ্রীলঙ্কার বিপক্ষে ২০২৩ সালে। দ্বিতীয় ইনিংসে তাদের সর্বোচ্চ রানই ১৫২।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৬ রানেই ওপেনার অ্যামি হান্টারকে (১০ রান) ফেরান জাহানারা আলম। পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৩৫ রান আইরিশদের স্কোরবোর্ডে। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৭ রান। কিন্তু পরের ৫ ওভারেই তান্ডব চালায় আইরিশ দুই ব্যাটার লিয়াহ পল ও গ্যাবি লুইস। দুজনে মিলে ১৫ ওভারে স্কোরবোর্ডে তুলে ফেলে ১৩০ রান। অর্থাৎ ১১ থেকে ১৫ এই ৫ ওভারে আসে ৬৩ রান।

দলীয় ১৫৩ রানে ৪২ বলে ৭ চার ২ ছক্কায় গ্যাবি লুইস ৬০ রান করে আউট হন। তবে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন লিয়াহ পল। ৪৫ বলে ১০ চার ২ ছক্কায় তার নামের পাশে ৭৯ রান। আয়ারল্যান্ড পেলো ৫ উইকেটে ১৬৯ রানের পুঁজি।

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট ভাগাভাগি করেন জাহানারা আলম, ফারিহা ইসিলাম তৃষ্ণা, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাহিদা আক্তার ও রিতু মনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত