বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ভারতীয় গণমাধ্যমে ছড়ানো প্রোপাগান্ডার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, অল্পদিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন। এখন বাংলাদেশের মিডিয়াকে সত্য তুলে ধরতে হবে। বিদেশিদের সব অপপ্রচার আমরা সম্প্রীতি দিয়ে জয় করব।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ বলেন, সম্পর্কের ক্ষেত্রে ভারতের মিডিয়ার ভূমিকা প্রশ্নবিদ্ধ। তাদের মিডিয়ার ভূমিকাকে কার্টেইল করতে হবে। এই অপতথ্য দুই দেশের বন্ধুত্বের ক্ষেত্রে হুমকিস্বরূপ। ভারতীয় প্রপাগান্ডার বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অল্পদিনের মধ্যেই ফলাফল দেখতে পাবেন।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তার স্বীকৃতি ভারতে আগে দিতে হবে। এরপর এখানে যত ধরণের নিপীড়নের ঘটনা ঘটেছে, সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করব।
মাহফুজ আলম বলেন, আজকের সব ধর্মীয় নেতাদের বক্তব্য প্রধান উপদেষ্টা শুনেছেন। এর মাধ্যমে বিশ্বে বাংলাদেশের পক্ষে ও বিপক্ষে যেসব শক্তি রয়েছে, তাদের একটা বার্তা সরকার দিতে চেয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ সম্প্রদায়গত দিক থেকে একটা পয়েন্টে আছে, এক জায়গায় মিলিত হয়েছে।
তিনি বলেন, আমাদের দেশের সংহতির শক্তি বৃদ্ধি করব। বাইরের যতই ষড়যন্ত্র হোক না কেন, আমরা যদি এ দেশের মধ্যে রাজনৈতিক ও সাম্প্রদায়িকভাবে ঐক্যবদ্ধ থাকি তাহলে বাইরে যতই অপপ্রচার চলুক বাংলাদেশ এগিয়ে যাবে। এটাই প্রধান উপদেষ্টা বলেছেন।
মাহফুজ আলম বলেন, এখানে হিন্দুসহ অন্য সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো নিপীড়ন হয়ে থাকলে আমরা বলি না যে নিপীড়ন হয় না। যদি হয়ে থাকে সেটার বিপরীতে সরকারের ব্যবস্থা আপনারা প্রচার করবেন। সুনামগঞ্জের ঘটনায় সরকার ব্যবস্থা নিয়েছে। সেটা গণমাধ্যমকে প্রচার করার অনুরোধ করেন তিনি। প্রধান উপদেষ্টা শেষে বলেছেন— সম্প্রীতি দরকার। সেটার সঙ্গে ভয় যাতে জড়িয়ে না যায়। বরং নাগরিকেরা নির্ভয়ে চলাফেরা করতে পারে, সবার মধ্যে মেলবন্ধন যেন খুব স্বাভাবিকভাবে হয়। শুধু আমরা ঠেকায় পড়ছি তাই হিন্দু-বৌদ্ধদের ডাকতেছি তা যেন না হয়।
সাম্প্রদায়িক ইস্যুতে গণমাধ্যমকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান মাহফুজ আলম। তিনি বলেন, আমরা প্রেস-নোট দিচ্ছি না। বরং বাংলাদেশের যেখানে এ ধরনের ঘটনা ঘটবে, সেখানের সত্যতা তুলে ধরুন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব বলে জানান তিনি।
আমিরাতে ৬ মাসে ৫০ হাজার বাংলাদেশিকে ক্ষমা
জরুরি ভিত্তিতে ঢাকায় ডাকা হলো কলকাতা ও ত্রিপুরার কূটনীতিককে
বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টাদের গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার পরিদর্শন