বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তারা এসব স্থান পরিদর্শন করেন।
সফরকালে সামরিক উপদেষ্টারা গ্রামীণ ব্যাংকের হেড অফিসে অবস্থিত নোবেল গ্যালারি পরিদর্শন করেন যেখানে গ্রামীণ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বর্ণাঢ্য কর্মজীবনের গল্পগাঁথা তুলে ধরেন।
ইউনূস সেন্টার সফর শেষে সামরিক উপদেষ্টারা রাজধানীর উত্তরায় অবস্থিত গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা কলেজের বিভিন্ন কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। পরে সেখানে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
উল্লেখ্য, বুধবার অনুষ্ঠিত ন্যাশনাল ডিফেন্স কলেজের গ্র্যাজুয়েশন পর্ব শেষে প্রধান উপদেষ্টা বাংলাদেশে কর্মরত প্রতিরক্ষা উপদেষ্টাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রতিরক্ষা উপদেষ্টারা গ্রামীণ ব্যাংক ও এর অঙ্গসংগঠনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন ও ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
