প্রধান বিচারপতি বললেন

সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান জাতীয় অগ্রগতির মূল ভিত্তি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৪ এএম

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান আমাদের জাতীয় অগ্রগতির অন্যতম মূল ভিত্তি। বিভেদের দেয়ালগুলো সম্প্রীতির বন্ধনে রূপান্তরিত করার মধ্যেই মানবজাতির মুক্তির পথ। রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যে যার অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিজয়া পুনর্মিলনী ২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও বিজয়া-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিজয়া পুনর্মিলনী পরিষদ ও বাণী অর্চনা উদযাপন পরিষদ-২০২৪ এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন, ‘বাংলার ইতিহাস মূলত সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনের ইতিহাস। সেই আবহমানকাল থেকে এই ভূখ-ের মানুষ ধর্মবর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে অন্যের পাশে দাঁড়িয়েছে।’ আইনজীবীদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের সবার প্রতি আমার অনুরোধ থাকবে, রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা যে যার অবস্থান থেকে সাম্প্রদায়িক বিভেদকে প্রতিহত করার সর্বোচ্চ প্রচেষ্টা চালাব এবং আমাদের সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সুপ্রিম কোর্ট বারকে সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে দেশবাসীর কাছে তুলে ধরব।’ তিনি বলেন, ‘বিগত শতাব্দীর বিভিন্ন সাম্প্রদায়িক সংঘাত আমাদের শিখিয়েছে যে, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান আমাদের জাতীয় অগ্রগতির অন্যতম মূলভিত্তি। তাই সবার প্রতি আমার আহ্বান থাকবে, পারস্পরিক সহাবস্থান ও সম্প্রীতির মাধ্যমে জুলাই বিপ্লবোত্তর এই নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে আমরা অগ্রগতির পথে নিয়ে যাব।’

প্রধান বিচারপতি বলেন, ‘প্রচলিত সব ধর্মেই সুবিচার বা ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। তাই আমরা যদি নিজেদের ধার্মিক কিংবা অন্ততপক্ষে ধর্মের প্রতি শ্রদ্ধাশীল দাবি করি, তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিজের অবস্থান থেকে যতটা সম্ভব অবদান রাখতে হবে।’ সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, উদযাপন পরিষদের আহ্বায়ক, জ্যেষ্ঠ আইনজীবী নিতাই রায় চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত