লোকসমাগমের স্থানে থাকবে প্রয়োজনীয় নিরাপত্তা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ এএম

আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস (১৪ ডিসেম্বর) ও মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় উদযাপনে জাতীয় কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সার্বিক আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। যেসব জায়গায় লোকসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব স্থানে প্রয়োজনীয় নিরাপত্তার পরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। গতকাল বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ কথা বলেন তিনি।

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও আসন্ন বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আশা করি সবার সহযোগিতায় একটি উৎসবমুখর পরিবেশে আগামী ১৬ ডিসেম্বরে মহান বিজয় দিবস উদযাপিত হবে। দিনটিকে উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সবাই যথাযথভাবে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বিজয় দিবসে যেসব জায়গায় লোকসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে সেসব স্থানে প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করে দায়িত্ব পালন করতে হবে।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এ ছাড়া সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনাররা তাদের ট্রাফিক পরিকল্পনা সভায় উপস্থাপন করেন।

সভায় উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষাসেবা বিভাগের প্রতিনিধি, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিসসহ সরকারের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মূল্যবান মতামত ও পরামর্শ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত