জমি নিয়ে বিরোধ

নোয়াখালীতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ   

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে নুরুল হক বাবুল (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নুরুল হক বাবুল উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লেদির বাড়ের বাড়ির মৃত আনোয়ার উল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

নিহতের ছেলে নুরুল আমিন স্বপন অভিযোগ করে বলেন, গত ১৩ বছর আমাদের বাড়ির সামনের ৩৩ শতাংশ জায়গা নিয়ে প্রতিবেশী মু্ন্নার সঙ্গে আমাদের বিরোধ ছিল। কিছু দিন সামাজিকভাবে সালিশি বৈঠকে বিষয়টি মীমাংসা হয়। ওই সালিশে ৩৩ শতাংশ জায়গার মধ্যে আমাদেরকে ১০ শতাংশ জায়গা দেওয়া হয়। বাকি ২৩ শতাংশ জায়গা মুন্নাকে দেওয়া হয়। এখন মুন্না বলে তিনি সালিশি বৈঠকের সিদ্ধান্ত মানেন না। এরপর শুক্রবার বিকেলে মুন্না আমাদের সামেনর অংশের জায়গা দখল করে দেয়াল নির্মাণ শুরু করে।

খবর পেয়ে বাবা আর আমি ঘটনাস্থলে যাই। সেখানে আমাকে আটকে রেখে প্রতিবেশী মুন্না, রাব্বি, রনি, নজরুল, জাহাঙ্গীর, নুরুল হুদা আমার বাবার সঙ্গে হাতাহাতি শুরু করে। একপর্যায়ে কোদালের লাঠি দিয়ে বাবার কাঁধে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌমুহনী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বেগমগঞ্জ থানার এসআই কাজী জাকারিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। প্রাথমিকভাবে নিহতের শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বেগমগঞ্জ থানার ওসি মো. লিটন দেওয়ান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।      

×
সর্বশেষ সর্বাধিক পঠিত