অভিষেককে নিয়ে মন্তব্যের কড়া জবাব অমিতাভের

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:২৮ এএম

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন সবসময় তার ছেলের পাশে থেকেছেন। অভিষেকের নামে খারাপ কথা বললে সোচ্চার হতে দেখা গিয়েছে অমিতাভকে। কখনও বিচ্ছেদ জল্পনা, কখনও আবার অমিতাভের সঙ্গে তুলনা টানা, অভিষেককে নিয়ে নানা আলোচনা চলতেই থাকে। তিনি ছেলের  খারাপ সময়েও মানসিকভাবে সাহস জুগিয়েছেন। সম্প্রতি অভিষেকের পুরোনো সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেন তিনি যেখানে অভিষেককে ইংরেজিতে কথা বলতে দেখা যায়। যা দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, অভিষেকের ইংরেজির বদলে হিন্দিতে কথা বলা উচিত। ছেলেকে নিয়ে এমন মন্তব্যে উপযুক্ত জবাব দিয়েছেন অমিতাভ।

ভিডিওতে, অভিষেক বচ্চনকে বলতে শোনা গিয়েছিল তিনি ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে সাইন করেছেন কারণ এই সিনেমা জীবনের একেবারে অন্যরকম গল্প বলে। খারাপ কিছু ঘটলে বা কষ্ট পাওয়ার পরে কী ভাবে খুশি থাকতে হয়, সেটা শেখা যাবে। প্রসঙ্গত, এই সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসিত হচ্ছে। সিনেমাটিতে অভিষেকের অভিনয়ের প্রশংসা করেছেন অমিতাভও।

অমিতাভ অভিষেকের ভিডিওটি শেয়ার করে প্রশংসা করেছেন। সেখানেই একজন লিখেছেন, ‘স্যার, জুনিয়র বচ্চনকে হিন্দিতে কথা বলতে বলুন। আমরা ইংরেজি ঠিকমতো বুঝি না।’

এই মন্তব্যে চুপ থাকেননি অমিতাভ। বললেন, ‘বাহ! আপনার দৃষ্টিভঙ্গি সত্যিই বিস্ময়কর। আপনি আমাকে হিন্দিতে কথা বলতে বলছেন, আর নিজেই ইংরেজিতে মেসেজ লিখছেন।’ অভিনেতার এই মন্তব্যের পাল্টা যদিও আর কোনও মন্তব্য করেননি ওই ব্যক্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত