সুনামগঞ্জে জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি দলের সদস্য মানজুর আল মতিন বলেছেন, বাংলাদেশ এখন হিন্দু-মুসলমানের ঐক্যের বাংলাদেশ। অথচ হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে ভারতের গণমাধ্যম গুজব ছড়াচ্ছে।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মংলারগাঁও এলাকা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
মানজুর আল মতিন বলেন, দোয়ারাবাজারে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা নিয়ে ভারতীয় গণমাধ্যম অনেক মিথ্যাচার ও গুজব ছড়াচ্ছে। সত্য ঘটনা পুলিশ প্রশাসনকে খুঁজে বের করে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।
তিনি বলেন, দোয়ারাবাজারে পবিত্র কোরআনকে কেন্দ্র করে যখন হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলার চেষ্টা হয় তখন মসজিদের ইমাম ও মাওলানারা তাদের রক্ষা করেছেন। বিষয়টি সারা বাংলাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, পবিত্র কোরআন অবমাননাকারী আকাশ দাসের শাস্তি হোক আমরা চাই। তবে এ ঘটনাকে কেন্দ্র করে যে বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারকে তার ক্ষতিপূরণ দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জে জাতীয় নাগরিক কমিটি প্রতিনিধি দলের সদস্য প্রীতম দাশ, তাজনুভা জাবিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সিরাজের ‘১৮১.৬ কিলোমিটার’ গতির বল নিয়ে হইচই, হাসাহাসি
সাজেক থেকে ফেরার পথে জিপ খাদে, আহত ১০ পর্যটক