বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল শিক্ষার্থীর

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৬ পিএম

রাজধানীর কাকরাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তাসনিম ফেরদৌস তুলন (২০) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় তামিম রহমান (২০) নামে অপর এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তাসনিম।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। কাকরাইল বিচারপতির বাস ভবনের গেটের পাশে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তাসনিম। তার মরদেহ মর্গে রাখা হয়েছে।  আর আহত তামিম ঢাকা মেডিকেলে ভর্তি আছে।

হাসপাতালে নিহত তাসনিমের খালাতো ভাই আফ্রিদি ইনসান জানান, তাদের বাড়ি নারায়নগঞ্জের আড়াইহাজার থানার চম্পকনগর গ্রামে। তাসনিমের বাবার নাম ইসমাইল মিয়া। বর্তমানে ওয়ারী যুগিনগর এলাকায় থাকেন। তাসনিম তিতুমীর কলেজে অনার্স ১ম বর্ষের ছাত্র। এক ভাই ও এক বোনের মধ্যে তাসনিম ছিলেন বড়।

তিনি আরও জানান, বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছিলেন তাসনিম। রাতে দুর্ঘটনা খবর শুনতে পান তারা। 

আহত তামিম সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষের ছাত্র। তাদের দুজনের বাসা ওয়ারী যুগীনগর এলাকায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত