বাংলাদেশের খাদ্য ও কৃষিপণ্য সরবরাহ এবং প্রক্রিয়াজাতকরণে এক যুগেরও বেশি সময় ধরে বিশেষ ভূমিকা রেখে চলেছে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। গ্রুপটি গম, মসুর ডাল, মটর ডাল ও সয়াবিন মিলসহ বেশ কয়েকটি পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক। চলতি বছরের প্রথম আট মাসে দেশের মোট গম আমদানির ২৪.৪৭ শতাংশ, মসুর ডালের ৪৯.৩৫ শতাংশ এবং মটর ডালের ৫৬.৮৩ শতাংশ হয়েছে নাবিল গ্রুপের মাধ্যমে। ফলে বাংলাদেশের ভোগ্যপণ্যের বাজারে বড় আমদানিকারক হয়ে উঠেছে নাবিল গ্রুপ।
গতকাল শনিবার রাজশাহীর পবায় নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ‘পার্টনারস মিট-২০২৪’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও কৃষিবিদ মো. আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন পেশাজীবী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃষিবিদ মো. আমিনুল ইসলাম বলেন, নৈতিকতা ও গুণগতমানে আপসহীন নাবিল গ্রুপ পণ্য আমদানি ছাড়াও কিছু ভোগ্যপণ্য উৎপাদনের মাধ্যমে বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে চাল উৎপাদনে এই গ্রুপ দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
দেশের বিভিন্ন জায়গা থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে সহস্রাধিক পার্টনার/ডিলার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীও অনুষ্ঠানে অংশ নেন। বিজ্ঞপ্তি
