ট্রলার-স্পিডবোট সংঘর্ষ, তিনজনের মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ পিএম

বরিশাল কীর্তনখোলা নদীতে ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী স্পিডবোট ডুবে যাওয়ার ঘটনায় দুইদিন ধরে নিখোঁজ থাকা তিন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় মোট চারজনের মৃত্যু হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) সকালে নদীতে ভাসমান অবস্থায় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলের কাছাকাছি স্থান থেকেই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

উদ্ধার হওয়া মরদেহ মধ্যে স্পিডবোট চালক আল আমিন (২৩) ও অপর দুটি যাত্রী ভোলা সদরের বাসিন্দা মো. ইমরান হোসেন ইমন (২৯) ও  ভোলা সদরের বাসিন্দা মো. রাসেল আমিনের (২৪) বলে স্বজনরা শনাক্ত করেছেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে কীর্তনখোলা নদীর লাহারহাট খালের প্রবেশমুখে জনতার হাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই জালিস মাহমুদ (৫০) নামে এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়া মানসুর আহমেদ নামে ভোলার দৌলতখান থানার কনস্টেবল আহত হয়।

প্রাথমিকভাবে ওই দুর্ঘটনার পর চারজন নিখোঁজের কথা জানিয়েছিল পুলিশ। এর মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের নদী ফায়ার স্টেশনের লিডার শেখ মো. নজরুল ইসলাম বলেন, রোববার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে একই নদীর পৃথক তিনস্থান থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়েছে। এখনো সজল দাস নামে একজনের মরদেহ পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নিখোঁজ ব্যক্তির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত