মরুর বুকে প্রশংসিত, উচ্ছ্বসিত মেহজাবীন

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯ এএম

নিজের অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’ নিয়ে আন্তর্জাতিক সফরে রয়েছেন মেহজাবীন চৌধুরী। দেশে এখনো মুক্তি না পেলেও বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। কানাডা, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ঘুরে ‘সাবা’ এখন মরুর বুকে অর্থাৎ সৌদি আরবে। দেশটির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি।

গত ৫ ডিসেম্বর শুরু হওয়া উৎসবটির চতুর্থ আসরে বিশে^র ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। যার মধ্যে একমাত্র বাংলাদেশি সিনেমা হিসেবে স্থান পেয়েছে ‘সাবা’। গতকাল রবিবার দুপুরে (স্থানীয় সময়) সিনেমাটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

জেদ্দার কালচার স্কয়ারে অনুষ্ঠিত সিনেমাটির প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায় মেহজাবীন চৌধুরীর এই সিনেমা। তার ভাষ্যে, ‘মরুর বুকে আমার সিনেমার প্রদর্শনী, এই অনুভূতি প্রকাশ করার মতো না। ভীষণ ভালো লাগছে।’

প্রদর্শনী কেমন ছিল, এমন প্রশ্নে মেহজাবীন চৌধুরী বলেন, উপস্থিত সবাই ‘সাবা’র অনেক প্রশংসা করেছেন। আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল কিন্তু সেখানে সিনেমাটি দেখার সময় আমাদের সঙ্গে বিদেশি দর্শকরাও ইমোশনাল হয়েছেন। আমাদের হাসি-কান্না, সুখ-দুঃখের সঙ্গে কীভাবে নিজেদের একাত্মতা প্রকাশ করছে।’ উৎসবটিতে ‘সাবা’র আরও দুটি প্রদর্শনী হবে। আজ সোমবার রাত ১০টা এবং ১৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় (স্থানীয় সময়) প্রিমিয়ার হবে।

এদিকে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের এই আসরে বিশ্বের অন্যান্য দেশের অনেক তারকাই উপস্থিত হয়েছেন। এই আসরে মেহজাবীনের সঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে। এর মধ্যে রয়েছেন আলাদিনখ্যাত হলিউড তারকা উইল স্মিথ, ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্ট, রণবীর কাপুরসহ আরও অনেককে। হলিউড, বলিউড তারকাদের সঙ্গে বাংলাদেশি এই অভিনেত্রী মিলনমেলায় বেশ উচ্ছ্বসিত।

দেশ রূপান্তরকে মেহজাবীন চৌধুরী বলেন, ‘এখানে এসে অনেক পছন্দের শিল্পীদের সঙ্গেই দেখা হলো। উইল স্মিথ, এমিলি ব্লাণ্ট এবং অবশেষে আজ দেখা হলো রণবীর কাপুরের সঙ্গে। খুব খুব ভালো লেগেছে।’

কি কথা হয়েছে তার সঙ্গে, এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, ‘তেমন বিশেষ কিছু না। জাস্ট হাই-হ্যালো। আমি আমার পরিচয় জানালাম, আমার সিনেমাটি সম্পর্কে বললাম। এবং সবশেষে একটি ছবি তুললাম। এতটুকুই।’

এর আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া ৪৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়ে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘সাবা’ সিনেমার। এখানেই থেমে থাকেনি, এরপর অক্টোবরে ২৯তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘অ্যা উইন্ডো অন এশিয়ান সিনেমা’ বিভাগে প্রদর্শিত হয়। এরপর গত নভেম্বরে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হওয়া অল্টারনেটিভা ফিল্ম অ্যাওয়ার্ড অ্যান্ড ফেস্টিভ্যালেও প্রদর্শিত হয়।

আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হলেও ‘সাবা’ দেশে মুক্তি পাবে ২০২৫ সালে। মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমাতে মেহজাবীন ছাড়া আরও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত