গাজীপুরে মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পিএম

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের মৃত্যুর সাড়ে তিন ঘণ্টা পর অবুঝ শিশুটিও না ফেরার দেশে চলে গেল। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর পৌনে দুইটার দিয়ে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

এর আগে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয় শিশুটিকে। এ সময় শিশুর শারীরিক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। 

নিহত নারীর নাম নাসরিন আক্তার (৩৫)। অপর দিকে নিহত শিশুর নাম জান্নাত রাফসা (১ বছর)। নিহত নাসরিন আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার টাঙাব গ্রামের রাসেল আহমেদের স্ত্রী।

স্বামী রাসেল আহম্মেদ মাওনা মুলাইদ এলাকার কালার ফ্যাশন পোশাক কারখানায় চাকরি করেন। রাসেল আহম্মেদ স্ত্রী সন্তানদের নিয়ে মুলাইদ এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।

জানা যায়, ভাড়া বাসা থেকে ৭ কিমি দূরে সাতখামাইর বাজারের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের নিচে এক বছর বয়সী মেয়েকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন নাসরিন। চলন্ত ট্রেনের ধাক্কায় তারা দু’জন রেললাইনের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নাসরিনের মৃত্যু হয়। তবে তার কোলে থাকা মেয়ে শিশু রাফসা বেঁচে গিয়েছিল। পরে স্থানীয়রা তাকে (শিশুটি) উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখান থেকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নাসরিনের স্বামী রাসেল আহম্মেদ জানান, সকালে অফিসে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় দেখেন স্ত্রী-সন্তান বাসায় নেই। এরপর স্ত্রীর সঙ্গে থাকা মোবাইলে কল দিয়ে কথা বলতে চেষ্টা করেন। একপর্যায়ে স্ত্রী ফোন রিসিভ করে জানান— তিনি তার সন্তান নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছেন আর ফিরবেন না।

রাসেল আহম্মেদের দাবি স্ত্রীর সঙ্গে কোনো ঝগড়া-বিবাদ ছিল না। তিনি বলেন, আমার সঙ্গে শেষ কথা ছিল ‘আর বাড়ি ফিরব না’। এ বলেই কল কেটে দেয় সে। এরপর বহুবার চেষ্টা করেও ফোনে কথা বলতে পারিনি। পরে লোকজন জানান— আমার স্ত্রী সন্তান ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রেললাইনের পাশে স্ত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন আসার অনেক আগ থেকেই স্টেশনের উত্তরে একটি গাছের নিচে শিশুকে (মেয়েকে) নিয়ে মন মরা অবস্থায় বসে ছিলেন ওই নারী। এরপর একটি ট্রেন আসা মাত্রই শিশুসন্তান নিয়ে ঝাঁপিয়ে পরেন চলন্ত ট্রেনের নিচে। সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে ঝাঁপ দেয় ওই নারী। এ সময় তার কোলে একটি শিশুও ছিল।

শ্রীপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, সাতখামাইর রেলস্টেশনের পাশে চলন্ত ট্রেনের নিচে শিশু কোলে নিয় এক নারী ঝাঁপ দেন। এতে নারীর মৃত্যু হলেও শিশুটি বেঁচে ছিল। ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনটির নিচে ঝাঁপ দিয়ে পড়েন ওই নারী।

শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশ গিয়েছিল। ঘটনাস্থলটি রেলওয়ে পুলিশের অধীন। তারা এটি নিয়ে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত