রাজধানীর ঝিগাতলা এলাকায় একটি পোশাক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার হোসেন শেখ (৫৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আনোয়ার হোসেন (৫০) নামের আরও একজন আহত হয়েছেন।
সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঝিগাতলা কাঁচাবাজার সংলগ্ন "স্পোর্টস ভাইভ" নামে এক কারখানায় এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টার দিকে মোক্তারকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত আনোয়ার হোসেনের সহকর্মী মো. মমিন জানান, তারা ঝিগাতলায় একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কাজ করেন। আনোয়ার ও মোক্তার ভবনের ৩য় তলায় জানালা দিয়ে একটি স্টিলের পাইপ নিচের দিকে নামাচ্ছিলেন। তখন পাইপটি বাইরের বিদ্যুতের তারের সঙ্গে সংস্পর্শ হলে দুজন বিদ্যুতায়িত হন।
মৃত মোক্তার হোসেনের আত্মীয় নজরুল ইসলাম বলেন, তাদের বাড়ি রাজবাড়ির পাংশা উপজেলার বাহাদুর গ্রামে। তার বাবার নাম মৃত আতাই শেখ। বর্তমানে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার একটা মেসে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাল থেকে শুরু অর্থনৈতিক শুমারি, নতুন যোগ হচ্ছে ই-কমার্স