আর্জেন্টিনা বিশ্বকাপ জেতায় মেসিকে দেখে রাগ হচ্ছিল এমবাপ্পের

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৭ পিএম

দুবছর আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচটা এখনো ফুটবল ভক্তদের নাড়া দেয়। রুদ্ধশ্বাস সেই ফাইনালটা একাই জমিয়ে তুলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তার হ্যাটট্রিকেই দুইবার পিছিয়ে থেকেও সমতায় ফিরেছিল ফ্রান্স। যদিও টাইব্রেকার শেষে ৩৬ বছরের অপেক্ষার পর বিশ্বকাপ ট্রফি ঘরে নিয়ে যায় মেসির আর্জেন্টিনা

মেসি আর এমবাপে তখনো একই ক্লাবে খেলেন- পিএসজিতে। বিশ্বকাপের পর দুজনের সম্পর্ক তিক্ত হয়েছে এমন কথাও এসেছিল গণমাধ্যমে। বিশেষত এমবাপে বিরক্ত ছিলেন মেসির প্রতি, এখন খবর ছিল নিয়মিত। প্রায় দুই বছর পর কিলিয়ান এমবাপে প্রকাশ্যে আনলেন সেই সময়ের কথা। 

এক সাক্ষাৎকারে মেসি সম্পর্কে প্রশংসাই করেছেন এমবাপে, ‘বিশ্বকাপ ফাইনালের পর আমি যখন পিএসজির অনুশীলনে মেসিকে দেখি, তখনো বেশ রেগে ছিলাম। কিন্তু সে বলেছিল, তুমি এটা আগেই জিতে নিয়েছো (২০১৮ বিশ্বকাপ) আর এবারে আমার পালা। কিন্তু আমি সত্যিই অনেক ক্ষুব্ধ ছিলাম। কিন্তু এরপরও তাকে সম্মান জানাতে হবে, কারণ– মানুষটা মেসি।’ 

কাতার বিশ্বকাপ ফাইনালে এমবাপ্পের সঙ্গে বল দখলের লড়াইয়ে মেসি

এমবাপের ভাষ্য, পরবর্তীতে দুজনেই বিষয়টা নিয়ে হাসাহাসি করেছেন। এমনকি সেই ফাইনাল দুজনকে অনেক কাছাকাছি এনেছে বলেও মন্তব্য তার, ‘অনেক হাসিঠাট্টার মধ্য দিয়ে আমাদের বরফ গলেছে। কারণ, এর আগে আমরা একটা লড়াইয়ে ছিলাম। সেই ফাইনাল দিয়ে আমরা স্মৃতি তৈরি করেছিলাম। আমার ধারণা, ফাইনালটা আমাদের আরও কাছাকাছি এনেছিল।’

পিএসজিতে একসঙ্গে খেলার সময় মেসির কাছ থেকে অনেক কিছু শেখারও জানিয়েছেন এমবাপে, ‘আমি তার কাছ থেকে অনেক শিখেছি। মেসি সবকিছু ভালোভাবে করে। এমন মানুষের কাছ থেকে আপনি সবকিছু শিখতে পারেন। আমি তাকে প্রায় জিজ্ঞাসা করতাম, “তুমি এটা কীভাবে করেছ, ওটা কীভাবে করেছ”?’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত