পোশাকশিল্প খাতে শতকরা মোট ৯ শতাংশ বার্ষিক মজুরি বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যা পহেলা ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
আজ সোমবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে পোশাকশিল্প খাতে বার্ষিক মজুরি বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির পঞ্চম সভায় এ সুপারিশ করা হয় বলে তিনি জানান।
উপদেষ্টা বলেন, মজুরী বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে। উক্ত সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট আরও শতকরা ৪ ভাগ বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে, যা জানুয়ারি মাসে প্রদানকৃত বেতনের সাথে দেওয়া হবে। বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সর্বশেষ সংশোধিত ) সম্পর্কিত অন্যান্য সুবিধাদিও প্রাসঙ্গিক হবে।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, এ মজুরি বৃদ্ধি সরকার পুনঃমূল্যায়ণ অথবা মজুরী বোর্ড পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে।
এ সময় তিনি মালিক পক্ষ ও শ্রমিক পক্ষকে দেশের স্বার্থে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান। এক্ষেত্রে পোশাক শিল্পকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছানোর জন্য শ্রমিকদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, পোশাক শিল্প সেক্টরে বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, বাবুল আখতার, কবির আহম্মদ, এ এন এম সাইফুদ্দীন, ফজলে শামীম এহসানসহ শ্রম অধিদপ্তরের পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক, নিম্নতম মজুরি বোর্ডের সচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিশাখার যুগ্মসচিব উপস্থিত ছিলেন।
