ফাইনালের আরও কাছে প্রোটিয়ারা

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ০১:৪১ এএম

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দাপুটে পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকা উঠে এসেছে আইসিসি বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে। দ্বিতীয় টেস্টে গতকাল শেষ দিনে শ্রীলঙ্কার ব্যাটিং ধসের ফলে ম্যাচ ১০৯ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট জয়ের জন্য শেষ দিনে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৪৩ রান আর দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেট।

গতকাল ১৭.১ ওভারের মধ্যে ৩৩ রান তুলতেই শেষ পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা। মহারাজ পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের দশম ৫ উইকেট। প্রোটিয়ারা ২৫৮ ও ৩৫৮ রান করে। শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৩২৮ রানে অলআউট হলে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩৪৮ রানের।

এই জয়ে দক্ষিণ আফ্রিকা ৬৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে বিশ^ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। আর একটি ম্যাচ জিতলেই নিশ্চিত হয়ে যাবে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলা বাকি দক্ষিণ আফ্রিকার। যার প্রথমটি শুরু হবে বক্সিং ডে-তে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত