'জিততে গেলে স্লেজিং, একটু আগ্রাসী হওয়ার দরকার আছে।' ভারতকে ফাইনালে হারিয়ে টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপ জিতে দেশে ফেরার পর বিমানবন্দরে এক প্রশ্নের জবাবে এমনটা বলেছেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের একটি ঘটনা তুলে ধরে তিনি বলেন, 'আমি একটি ছক্কা মিস করার পর ওদের একজন ফিল্ডার বলে- তুমি কি বল দেখতে পাওনি। পরে ছক্কা মেরে আমি বলেছিলাম- তোমরা কি বল দেখতে পাচ্ছো।'
গতকাল মধ্যরাতে ট্রফি হাতে ঢাকায় ফেরার পর বিমানবন্দরে তামিম-ইমন-মৃধারা। ফুল দিয়ে বরণ করে নেন বিসিবির কর্মকর্তারা। তাদেরকে কেক খাইয়ে দেন ।
এসময় বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘জার্নি স্টার্ট হয়েছে একটা। এর পেছনে অনেক কষ্ট ছিল। আল্লাহ এখন এখানে রেখেছে, ওভারঅল সবদিক থেকে ভালো লাগছে। যে কষ্টটা করেছি, অনূর্ধ্ব-১৫, ১৭ ও ১৯; আল্লাহ হয়তো ওইটারই ফল দিয়েছেন।’
গতবার সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ। শিরোপা নিজেদের ঘরে রাখতে পারায় খুশি বাংলাদেশের অধিনায়ক। তামিম বলেন, ‘এশিয়া কাপ ধরে রাখা আমাদের মূল বিষয় ছিল। আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিলাম। এবারও তা ধরে রেখেছি এটা বড় বিষয় ছিল। এটা ভালো লাগছে।’
এশিয়া কাপ জিতলেও বাংলাদেশের যুবাদের কাজ এখনই শেষ হচ্ছে না। তামিম, জাওয়াদ আবরার, মারুফ মৃধা, ইকবাল হোসেন ইমনদের জন্য অপেক্ষা করছে বিশ্বকাপের মতো বড় চ্যালেঞ্জ। ২০২০ সালে আকবর আলীর অধীনে বিশ্ব জয় করলেও পরের দুই আসরে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। তবে তামিমের চাওয়া এশিয়া কাপ জয়ের আত্মবিশ্বাস বিশ্বকাপে কাজে লাগানো।
তিনি বলেন, ‘এশিয়া কাপ জিতেছি, এটা অবশ্যই আত্মবিশ্বাস বাড়াবে। পাকিস্তান এবং ভারতের মতো দলকে যদি হারান আত্মবিশ্বাস আরেকটু বেড়ে যায়। সামনে এই আত্মবিশ্বাসটাই ধরে রাখার চেষ্টা করবো। সামনে যে এশিয়া কাপ, সিরিজ এবং বিশ্বকাপ আছে সেখানে আমরা ভালো করার চেষ্টা করব।’
'টেস্ট ম্যাচ ৪ দিনে করলে আকর্ষণ আরো বাড়বে'
না খেলেও ভারতকে 'সাহায্য' করতে পারে পাকিস্তান